Wimbledon 2024: কোয়ার্টার ফাইনালে কোর্টে না নেমেই জকোভিচ সেমিফাইনালে! স্পর্শ করলেন ফেডেরারের রেকর্ড
Wimbledon 2024: উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। তাঁকে কোয়ার্টার ফাইনাল খেলতেই হলো না। ওয়াকওভার পেয়ে চলে গেলেন শেষ চারে।
রেকর্ড সংখ্যক অষ্টম উইম্বলডন খেতাব জয় থেকে জকোভিচ আর দুই ধাপ দূরে। এদিন তিনি স্পর্শ করলেন রজার ফেডেরারের আরেকটি রেকর্ড।

কোয়ার্টার ফাইনালে জকোভিচের খেলা ছিল অ্যালেক্স ডি মিনাউরের বিরুদ্ধে। কিন্তু খেলা শুরুর আগেই সরে দাঁড়ান অস্ট্রেলিয়ার টেনিস তারকা। হিপ ইনজুরির কারণে ছিটকে গেলেন তিনি। এই প্রথম উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। কিন্তু একটি ম্যাচ খেলে নিজের চোট বাড়ানোর ঝুঁকি নিলেন না।
মিনাউর বলেন, আমি বিধ্বস্ত। আমার কেরিয়ারের এই পর্যায়ে এসে সরে দাঁড়াতে হলো, এমন ঘোষণা যে আমাকে করতে হবে তা ভাবিনি। কেরিয়ারের সবচেয়ে বড় ম্যাচ ছিল এটি। যে কোনও মূল্যে খেলতে চেয়েছিলাম। গতকালই বুঝতে পারছিলাম কী হতে চলেছে। তবে সকালে মিরাকলের অপেক্ষায় ছিলাম।
ঝুঁকি নিয়ে খেললে চোট সারতে যেখানে তিন থেকে ছয় সপ্তাহ লাগার কথা, সেটাই বেড়ে চার মাস হতে পারতো। তাই কোয়ার্টার ফাইনাল না খেলার সিদ্ধান্ত নেন মিনাউর। যার ফলে নোভাক জকোভিচ কোয়ার্টার ফাইনালে ঘাম না ঝরিয়েই পৌঁছে গেলেন শেষ চারে।
টেলর ফ্রিৎজ বনাম লোরেঞ্জো মুসেত্তির দ্বৈরথে যে জিতবেন সেমিফাইনালে তাঁরই মুখোমুখি হবেন জোকার। অপর সেমিফাইনালে কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন বিশ্বের ১ নম্বর জানিক সিনারকে ছিটকে দেওয়া দানিল মেদভেদেভ।
জকোভিচ এই নিয়ে ১৩ বার উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন। সেই নিরিখে স্পর্শ করলেন রজার ফেডেরারের কীর্তিকে। চলতি বছর একটি খেতাবও জেতেননি জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সার্বিয়ান কিংবদন্তিকে হারিয়েছিলেন সিনার। এরপর ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে জকোভিচ নামতে পারেননি চোটের কারণে। এবার প্রতিপক্ষের চোট তাঁর উইম্বলডন সেমিফাইনালে ওঠার পথ প্রশস্ত করে দিল।












Click it and Unblock the Notifications