Wimbledon 2024: জকোভিচ সহজেই দ্বিতীয় রাউন্ডে, মহিলাদের সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়ন ছিটকে গেলেন শুরুতেই
Wimbledon 2024: উইম্বলডনের দ্বিতীয় দিনেই অঘটন। মহিলাদের সিঙ্গলসে গতবারের চ্য়াম্পিয়ন মার্কেটা ভন্দ্রৌসোভা ছিটকে গেলেন প্রথম রাউন্ড থেকেই।
পুরুষদের সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার করে নিলেন অ্যান্ডি মারে। তবে ডাবলসে খেলবেন বলে জানিয়েছেন। পুরুষদের সিঙ্গলসে সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ শুরু করলেন সহজ জয় দিয়েই।

বেশ কয়েক দিন ধরেই জকোভিচের চোট, ফিটনেস নিয়ে চর্চা চলছিল। তবে প্রথম রাউন্ডে তিনি যে দাপটের সঙ্গে খেললেন তাতে জকোভিচ-ভক্তরা স্বস্তি পেতেই পারেন। চোট নিয়ে যাবতীয় আশঙ্কা দূর করে ভিট কপ্রিভাকে জোকার হারিয়ে দিলেন স্ট্রেট সেটে।
১ ঘণ্টা ৫৮ মিনিটের লড়াই জোকার জিতলেন ৬-১, ৬-২, ৬-২ সেটে। খেলার পর তিনি জানিয়েছেন, ডান পায়ের হাঁটু নিয়ে কোনও সমস্যা অনুভব করতে হয়নি। অন্য কোনও টুর্নামেন্ট হলে তিনি ঝুঁকি নিতেন না। তবে উইম্বলডনকে এতটাই ভালোবাসেন, সেজন্য বিগত সাড়ে তিন সপ্তাহ ধরে তিনি যে প্রস্তুতি নিয়েছেন তার সুফল মেলায় খুশি জকোভিচ।
এদিনের সবচেয়ে বড় অঘটনটি ঘটেছে মহিলাদের সিঙ্গলসে। গতবারের চ্যাম্পিয়ন ভন্দ্রৌসোভা এবার নেমেছিলেন ষষ্ঠ বাছাই হিসেবে। কিন্তু টপকাতে পারলেন না প্রথম রাউন্ডের বাধাই। ১ ঘণ্টা ৭ মিনিটের লড়াইয়ে তাঁকে হারিয়ে দিলেন বিশ্বের ৮৩ নম্বর প্লেয়ার, অবাছাই স্পেনের জেসিকা বৌজাস মানেইরো।
স্পেনের এই টেনিস খেলোয়াড় চেক প্রজাতন্ত্রের ভন্দ্রৌসোভাকে হারালেন ৬-৪, ৬-২ সেটে। গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টে এটি তাঁর প্রথম জয়। ভন্দ্রৌসোভাকে টুর্নামেন্ট শুরুর আগে ভোগাচ্ছিল হিপ ইনজুরি। তিনি প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়ে স্পর্শ করলেন স্টেফি গ্রাফের কীর্তি। ১৯৯৩ সালে খেতাব দখলে রাখার লক্ষ্যে নেমে উইম্বলডনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন স্টেফি। প্রথম মহিলা প্লেয়ার হিসেবে ভন্দ্রৌসোভা সেই নজির ছুঁলেন।
মহিলাদের সিঙ্গলসে শীর্ষবাছাই ইগা শিয়নটেক সহজ জয় ছিনিয়ে নিয়েছেন সোফিয়া কেনিনের বিরুদ্ধে। খেলার ফল ৬-৩, ৬-৪। চতুর্থ বাছাই এলেনা রাইবাকিনা হারালেন লরা সিগমুন্ডকে। খেলার ফল ৬-৩, ৬-১। পঞ্চম বাছাই জেসিকা পেগুলা স্ট্রেট সেটে হারালেন অ্যাশলিন ক্রুগারকে। খেলার ফল ৬-২, ৬-০।
পুরুষদের সিঙ্গলসে চতুর্থ বাছাই আলেকজান্ডার জেরেভ রবার্তো কার্বালেস বায়েনাকে হারালেন ৬-২, ৬-৪, ৬-২ সেটে। ষষ্ঠ বাছাই আন্দ্রে রুবলেভ ৬-৪, ৫-৭, ৬-২, ৭-৬ সেটে হারিয়েছেন ফ্রান্সিসকো কোমেসানাকে।এদিকে, উইম্বলডন শুরুর আগে পিঠে অপারেশন হয়েছিল মারের। তিনি আশাবাদী ছিলেন সিঙ্গলস ও ডাবলস খেলতে অসুবিধা হবে না। যদিও প্রথম রাউন্ডে নামার আগেই তিনি সিঙ্গলস থেকে সরে দাঁড়ান। ভাই জেমি মারেকে নিয়ে ডাবলস খেলার কথা তাঁর।












Click it and Unblock the Notifications