Wimbledon 2023: জকোভিচ জয় দিয়েই শুরু করলেন উইম্বলডন অভিযান, দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ইগা
Wimbledon 2023: শুরু হয়ে গেল উইম্বলডনের লড়াই। প্রথম দিনেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন বাছাইরা। এখনও অবধি কোনও অঘটন ঘটেনি। নোভাক জকোভিচ ও ইগা সিয়নটেকের দিকে ছিল নজর।
২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক জকোভিচ খেতাব দখলে রাখার লড়াইয়ের প্রথম ধাপ টপকালেন। দাপুটে জয় পেলেন ইগা সিয়নটেক।

নোভাক জকোভিচের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ ছিলেন আর্জেন্তিনার পেদ্রো ক্যাচিন। প্রথম দুটি সেট জকোভিচ দাপট সহকারেই জিতে নেন। দুটি সেটেরই ফলাফল দাঁড়ায় ৬-৩, ৬-৩। যদিও এরপর কিছুটা লড়াই চালালেন ক্যাচিন। তবে শেষরক্ষা করতে পারেননি।

দ্বিতীয় বাছাই হিসেবে খেলছেন জকোভিচ। তৃতীয় সেটটি তিনি জিতে নেন ৭-৬ ব্যবধানে। প্রথম রাউন্ডে জকোভিচ বনাম ক্যাচিন দ্বৈরথ গড়াল ২ ঘণ্টা ১২ মিনিট। চতুর্থ বাছাই ক্যাসপার রুড জিতলেন, তবে দ্বিতীয় সেট খুইয়ে। ২ ঘণ্টা ৪৮ মিনিটের দ্বৈরথে তিনি জয় ছিনিয়ে নিলেন ফ্রান্সের লরেন্ট লোকোলির বিরুদ্ধে। খেলার ফল ৬-১, ৫-৭, ৬-৪, ৬-৩।

২০২০, ২০২২ ও ২০২৩ সালে ফরাসি ওপেন খেতাবজয়ী বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস তারকা ইগা সিয়নেটক এবার উইম্বলডন অভিযানে নেমেছেন গ্রাস কোর্টে প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের লক্ষ্যে। তিনি প্রথম রাউন্ডে সহজেই হারিয়ে দিলেন চিনের ঝু লিনকে। ৬-১, ৬-৩ সেটে জিতে নিজের খেলায় সন্তুষ্ট পোল্যান্ডের ইগা।
নিজের দেশেরই লরেন ডেভিসকে হারিয়ে দিয়েছেন চতুর্থ বাছাই জেসিকা পেগুলা। মার্কিন তারকা জেতেন ৬-২, ৬-৭, ৬-৩ সেটে। বিশ্বের ১৯ নম্বর প্লেয়ার তথা দুবারের গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-৪, ৫-৭, ৬-৪ ব্যবধানে হারালেন চিনের ইউ ইউয়ানকে। বিশ্বের পাঁচ নম্বর ক্যারোলিন গার্সিয়া ৬-৪, ৬-৩ সেটে হারিয়েছেন কেটি ভলিনেটসকে।












Click it and Unblock the Notifications