Wimbledon 2022: প্রথম ম্যাচেই জোড়া রেকর্ড স্পর্শ নাদালের, কোভিড সংক্রমণের ভ্রুকুটি নিয়ে মুখ খুললেন রাফা
Wimbledon 2022: প্রথম ম্যাচেই জোড়া রেকর্ড স্পর্শ নাদালের, কোভিড সংক্রমণের ভ্রুকুটি নিয়ে মুখ খুললেন রাফা
তিন বছর পর অল ইংল্যান্ড ক্লাবে প্রত্যাবর্তন করে স্ব-মহিমায় ধরা দিয়েছেন রাফায়েল নাদাল। প্রথম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী ফ্রান্সিসকো কেরুন্ডোলো'কে চার সেটের দুরন্ত লড়াইয়ে পরাজিত করে উইম্বলডন ২০২২-এ নিজের অভিযান শুরু করেছেন এই স্প্যানিয়ার্ড। ২০১৯ উইম্বলডনের সেমিফাইনালে রজার ফেডেরারের বিরুদ্ধে পরাভূত হওয়ার পর এটাই ছিল অল ইংল্যান্ড ক্লাবে নাদালের প্রথম ম্যাচ।

প্রথম দুই সেট জিতলেও তৃতীয় সেটে প্রত্যাবর্তন ঘটান ফ্রান্সিসকো। তবে নাদালের সামনে বেশিক্ষণ প্রতিরোধ ধরে রাখা সম্ভব হয়নি তাঁর। ম্যাচ বাঁচাতে হলে চতুর্থ সেটেও তাঁরে জিততে হত, যা তিনি পারেননি। নাদালের পক্ষে খেলার ফল ৬-৪, ৬-৩, ৩-৬, ৬-৪। মঙ্গলবার সেন্টার কোর্টে এই জয়ের সঙ্গে একটি নয় দু'টি গ্র্যান্ডস্ল্যাম রেকর্ডের পাশে নিজের নাম লেখালেন রাফা। এই জয়ের ফলে গ্র্যান্ডস্ল্যামে সর্বাধিক ম্যাচ জয়ের নিরিখে চতুর্থ স্থানে উঠে এসেছেন নাদাল। গ্র্যান্ডস্ল্যামে ৩০৬টি ম্যাচ জেতার সুবাদে মার্টিনা নাভরাতিলোভার সঙ্গে যৌথ ভাবে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছে টেনিস ইতিহাসের শ্রেষ্ঠ রজার ফেডেরার (৩৬৯)। দ্বিতীয় স্থানে রয়েছে টেনিস কুইন সেরেনা উইলিয়ামস (৩৬৫) এবং তৃতীয় স্থানে রয়েছেন নোভাক জকোভিচ (৩২৮)।

এই রেকর্ডের সঙ্গে নাদাল এক অনন্য রেকর্ড স্পর্শ করেছেন। উইম্বলডনে প্রথম রাউন্ডে জয়ের সঙ্গে এক মরসুমে টানা ১৫টি গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ জয়ী পঞ্চম খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন তিনি। রড লেভার (১৯৬৯), ম্যাটস উইল্যান্ডার (১৯৮৮), জিমি কুরিয়ার (১৯৯২) এবং নোভার জকোভিচ (২০১৬, ২০২১) এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন।
সেন্টার কোর্টে এই ম্যাচ জিতলেও নাদালের বিশ্বব্যাপী সমর্থক চিন্তিত ছিল তাঁর শারীরিক অবস্থা নিয়ে। বৃহস্পতিবার নাদাল অনুশীলন করেছিলেন মাতেও বেরেত্তেনির সঙ্গে পরে জানা গিয়েছে ইতালির এই টেনিস তারকা কোভিড আক্রান্ত হয়েছেন। তাই বেরেত্তেনির সংস্পর্শে আসা নাদাল এই ভাইরাস থেকে মুক্ত রয়েছেন তো, এটাই বড় চিন্তা ছিল নাদালের সমর্থকদের। যদিও মঙ্গলবার নাদাল জানিয়ে দিয়েছেন তিনি শারীরিক ভাবে একেবারে চাঙ্গা রয়েছেন। তাঁর কথায়, "বাইরে থাকলে বা অনুশীলনের সময়ে এই রকম ভাবে ক্লোজ কনট্যাক্ট এড়ানো যায় না। তবে, আমার খারাপ লাগছে ওর জন্য। দারুণ খেলছিল ও। উইম্বলডনের আগে দু'টো টুর্নামেন্ট জিতেছে। আমি জানি আজ কতটা খারাপ লাগছে ওর। ওর দ্রুত সুস্থতা কামনা করি।" এটিপি'র ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে থাকা বেরেত্তিনি উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।












Click it and Unblock the Notifications