বেরেত্তিনিকে হারিয়ে চার মুকুট জয়ের অনন্য রেকর্ডের থেকে দুই কদম দূরে জকোভিচ
মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন নোভাক জকোভিচ।
মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে প্রথম সেট হেরে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটানো নোভাক জকোভিচ একই বছর চার গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য রেকর্ডের থেকে দুই কদম দূরে দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে প্রথম প্রচেষ্টাতেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে ফ্লাশিং মিডোসে ইতিহাস রচনা করলেন ইংল্যান্ডের এমা রাদুকানু। হারালেন অলিম্পিক চ্যাম্পিয়ন বেলিন্ডা বেনেসিচকে।

ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে আর্থার অ্যাশে স্টেডিয়ামে হওয়া কোয়ার্টার ফাইনালে মাত্তেও বেরেত্তিনির মুখোমুখি হয়েছিলেন নোভাক জকোভিচ। ম্যাচের প্রথম সেটে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়। ওই সেটে হেরেও যান জোকার। ৭-৫ ফলাফলে প্রথম সেট জিতে নোভাক ফ্যানদের ধাক্কা দেন ইতালির টেনিস তারকা। তবে ম্যাচে যে মোচড় তখনও বাকি, তা ধীরে ধীরে প্রমাণ করেন জকোভিচ। খোলস ছেড়ে বেরিয়ে নিজের সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচে প্রধান্য কায়েম করে প্রমাণ করেন যে কেন তিনি বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
ম্যাচের শেষ তিনটি সেটে বেরেত্তিনিকে দাঁড়াতে দেননি জকোভিচ। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকার একের পর এক শক্তিশালী ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, ক্রস কোর্ট, বিষাক্ত টপ স্পিনের সামনে হার স্বীকার করতে বাধ্য হন ইতালির টেনিস তারকা। ম্যাচের দ্বিতীয় সেট ৬-২ ফলাফলে জেতেন জোকার। তৃতীয় সেটেও প্রতিপক্ষের তিনটি সার্ভিস ব্রেক করেন সার্বিয়ার তারকা। ৬-২ ফলাফলে ওই সেটও জেতেন নোভাক। চতুর্থ সেটেও জকোভিচের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বেরেত্তিনি। ওই সেট ৬-৩ ফলাফলে জিতে আরও একবার ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন জোকার। সবমিলিয়ে চলতি মরসুমে টানা ২৬টি ম্যাচ জয়ের অনন্য নজিরও গড়লেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলীয় ওপেন খেতাব জেতা নোভাক জকোভিচ, পরপর ফরাসি ওপেন ও উইম্বলডন খেতাবও জেতেন। ইউএস ওপেন জিততে পারলে এক ক্যালেন্ডার বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য রেকর্ড গড়বেন জোকার। এর আগে যে রেকর্ডের মালিক হয়েছিলেন কিংবদন্তি রড লেভার ও স্টেফি গ্রাফ। একই দলে অন্তর্ভূক্ত হতে গেলে জকোভিচকে সেমিফাইনাল ও ফাইনালের ধাপ পেরোতে হবে। শুক্রবার শেষ চারের লড়াইয়ে জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন নোভাক।

ইউএস ওপেনে মহিলাদের বিভাগে ইংল্যান্ডের এমা রাদুকানু স্বপ্নের জয়যাত্রা অব্যাহত। ১৮ বছরের টেনিস তারকা প্রথম প্রচেষ্টাতেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে ফ্লাশিং মিডোসে ইতিহাস গড়েছেন। অলিম্পিক চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের বেলিন্দা বেনেসিচকে ৬-৩ ও ৬-৪ ফলাফলে হারিয়েছেন এমা। কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের চতুর্থ বাছাই কারোলিনা পিসকোভাকে ৬-৪, ৬-৪ ফলাফলে হারিয়ে দিয়েছেন গ্রিসের মারিয়া সাকারি।












Click it and Unblock the Notifications