US Open : প্রথম অভিযানেই খেতাব জিতে ১৮ বছরের এমা রাদুকানুর ইতিহাস, রানির শুভেচ্ছা
ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়ে অভিষেকেই গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনবদ্য নজির গড়লেন ইংল্যান্ডের এমা রাদুকানু।
ইউএস ওপেনের বহুল চর্চিত টিনেজার ফাইনালে শেষ হাসি হাসলেন ১৮ বছরের এমা রাদুকানু। কানাডার ১৯ বছরের লেইলা ফার্নান্ডেজকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম অভিযানেই খেতাব জিতে ইতিহাস রচনা করলেন ইংল্যান্ডের টেনিস তারকা। স্ট্রেট সেটের অতি সহজ জয় হাসিল করতে সক্ষম হন এমা। ৪৪ বছরের ব্যবধানে কোনও ব্রিটিশ মহিলা হিসেবে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনবদ্য রেকর্ডও গড়েছেন রাদুকানু।

শনিবার ফ্লাশিং মিডোসের আর্থার অ্যাশে স্টেডিয়ামে ইউএস ওপেনের টিনেজার ফাইনালে চোখ ছিল বিশ্বের। টুর্নামেন্টের ওপেন এরা শুরু হওয়ার পর থেকে ১৮ বছরের অবাছাই এমা রাদুকানুর সঙ্গে ১৯ বছরের অবাছাই লেইলা ফার্নান্ডেজের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আশা করেছিল টেনিস বিশ্ব। সবাইকে ভুল প্রমাণ করে প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করতে শুরু করেন রাদুকানু। প্রথম সেট ৬-৪ গেমের ব্যবধানে জেতেন ইংল্যান্ডের টেনিস তারকা।
Everyone loves a good confetti cannon 🎉 pic.twitter.com/6f9rGoOlXf
— US Open Tennis (@usopen) September 11, 2021
ম্যাচের দ্বিতীয় সেটে আরও শক্তিশালী হয়ে প্রতিপক্ষের ওপর আছড়ে পড়েন এমা রাদুকানু। এই সেটে লেইলা ফার্নান্ডেজের দুটি সার্ভিস ব্রেক করেন বিশ্ব ক্রমতালিকার ১৫০ নম্বর স্থানে থাকা এমা। ক্রমতালিকার ৭৩তম স্থানে থাকা ফার্নান্ডেজ হেরে গেলেও তাঁর লড়াই প্রশংসীত হয়েছে। ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়ে কম বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে রাশিয়ার প্রাক্তন টেনিস তারকা মারিয়া শারাপোভার রেকর্ড টপকে গিয়েছেন এমা রাদুকানু। তবে কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের রেকর্ড ভাঙতে পারেননি ইংল্যান্ডের তরুণী। ১৯৭৭ সালে ইংল্যান্ডের ভার্জিনিয়া ওয়েডের হাতে উঠেছিল মহিলাদের গ্র্যান্ড স্ল্যাম খেতাব। ৪৪ বছর পর ফের কোনও ব্রিটিশ মহিলা একই নজির গড়লেন।
🇬🇧 @EmmaRaducanu is the youngest Grand Slam champion since @MariaSharapova at 2004 Wimbledon pic.twitter.com/kFRKuDy9IH
— US Open Tennis (@usopen) September 11, 2021
১৯৯৯ সালের ইউএস ওপেনের টিনেজ ফাইনালে ১৮ বছরের মার্টিনা হিঙ্গিসের মুখোমুখি হয়েছিলেন ১৭ বছরের সেরেনা উইলিয়ামস। ম্যাচ জিতে ইতিহাস রচনা করেছিলেন আমেরিকার কিংবদন্তি উইলিয়ামস। চলতি বছরের উইম্বলডনেও অংশ নিয়েছিলেন এমা রাদুকানু। শেষ ১৬ রাউন্ড পর্যন্ত তিনি পৌঁছতে সক্ষম হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন খেতাব জেতার পর বিশ্ব ক্রমতালিকার ২৩ কিংবা ২৪তম স্থানে উঠে আসতে পারেন এমা। কোনও সেট না হেরেই ইউএস ওপেন জিতে অনন্য নজির গড়েছেন ইংল্যান্ডের ১৮ বছরের টেনিস তারকা।
নিজের এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে এমা রাদুকানু জানিয়েছেন, মহিলা টেনিসের ভবিষ্যত উজ্জ্বল। ১৮ বছরের ব্রিটিশ টেনিস তারকার কীর্তিতে গর্বিত বিশ্বের টেনিস মহল। গর্বিত ইংল্যান্ড। এক বিবৃতিতে রাদুকানুকে এই দুর্দান্ত জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। ১৮ বছরের টেনিস তারকার পারফরম্যান্স আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলেও বিশ্বাস করেন রানি। সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে রাদুকানুকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁর খেলার প্রশংসা করেছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। অন্যদিকে ইউএস ওপেন ফাইনাল হারলেও নিজের পারফরম্যান্স ৯/১১ জঙ্গি নাশকতার ২০ বছর পূর্তি উপলক্ষ্যে নিউ ইয়র্ক শহরকে উৎসর্গ করেছেন কানাডার লেইলা ফার্নান্ডেজ।
আর কয়েক ঘণ্টার মধ্যেই ইউএস ওপেনের পুরুষদের ফাইনালে ড্যানিল মেদভেদেভের মুখোমুখি হতে চলেছেন নোভাক জকোভিচ। এই খেতাব জিতলে ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হবেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। একই বছর চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতে অতি সম্মানীয় ক্লাবে প্রবেশ করবেন জকোভিচ। যে ক্লাবের সদস্য হয়ে বসে রয়েছেন কিংবদন্তি রড লেভার ও স্টেফি গ্র্যাফ।












Click it and Unblock the Notifications