US Open 2023: ইউএস ওপেনের শেষ আটে জকোভিচ, ইগার বিদায়ে বিশ্বের ১ নম্বর জায়গা দখল সাবালেঙ্কার
US Open 2023: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। যদিও শেষ আটে ওঠা হলো না গতবারের চ্যাম্পিয়ন ইগা সিয়নটেকের। তিনি বিদায় নিতেই হারালেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকার সিংহাসন।
অ্যাশলে বার্টির অবসরের পর থেকে এই জায়গা ধরে রেখেছিলেন ইগা। যদিও তাঁর সিংহাসনে আপাতত বসে পড়লেন আরিনা সাবালেঙ্কা।

এই নিয়ে ১৩ বার ইউএস ওপেন কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। এই নিরিখে তিনি স্পর্শ করলেন রজার ফেডেরার ও আন্দ্রে আগাসির রেকর্ড। আর্থার অ্যাশে স্টেডিয়ামে তিনি হারালেন বোরনা গোজোকে। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মালিক জকোভিচ জিতলেন ৬-২, ৭-৫, ৬-৪ সেটে।
কোয়ার্টার ফাইনালে জোকারের সামনে টেলর ফ্রিৎজ। তিনি ডমিনিক স্ট্রাইকারকে ৭-৬ (৭-২), ৬-৪, ৬-৪ সেটে হারালেন। জকোভিচ কখনও ফ্রিৎজের কাছে হারেননি, ফলে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে নামবেন ফেভারিট হিসেবেই। শেষ আটে উঠেছে ফ্রান্সেস টিয়াফো। এবার খেলবেন বেন শেলটনের বিরুদ্ধে।

মহিলাদের সিঙ্গলসে ইন্দ্রপতন। গতবারের চ্যাম্পিয়ন ইগা সিয়নটেককে হারিয়ে দিলেন জেলেনা ওস্তাপেঙ্কো। ওস্তাপেঙ্কোর কাছে চারটি সাক্ষাতের চারটিতেই হারলেন ইগা। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতলেও পরের দুটি সেট খোয়ান ৪-৬, ১-৬ ব্যবধানে। এই পরাজয়ের ফলে ৭৫ সপ্তাহ পর বিশ্বের ১ নং মহিলা টেনিস খেলোয়াড়ের তকমা হারালেন।
কোকো গৌফ কোয়ার্টার ফাইনালে ওস্তাপেঙ্কোর বিরুদ্ধে খেলবেন। তিনি ক্যারোলিন ওজনিয়াকিকে হারালেন ৬-৩, ৩-৬, ৬-১ সেটে। মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন সোরানা সার্সটিয়া, ক্যারোলিনা মুচোভা। পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনালে উঠেছে রোহন বোপান্না-ম্যাথু এবডেন ডুটি। ব্রিটিশ জুলিয়ান ক্যাশ ও হেনরি প্যাটেন জুটিকে ৬-৪, ৬-৭, ৭-৬ ব্যবধানে হারিয়ে।












Click it and Unblock the Notifications