সুমিতের নাগালে টোকিও অলিম্পিকের টিকিট, টেনিসে বাড়ল ভারতের সম্ভাবনা
টোকিও অলিম্পিকের টেনিসে আরও অন্তত দুটি ইভেন্টে ভারতের অংশগ্রহণের সম্ভাবনা বাড়ল। সুমিত নাগাল টোকিও অলিম্পিকের সিঙ্গলসে অংশ নিতে চলায় সবকিছু ঠিকঠাক থাকলে সানিয়া মির্জা নাগালের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসেও নামতে পারবেন।

নাগালের নাগালে
১৪ জুন অবধি এটিপি ব্যৃাঙ্কিং অনুযায়ী সরাসরি টোকিও অলিম্পিকের টেনিসে অংশগ্রহণের সুযোগ ছিল। সেই সময় সুমিত নাগাল ছিলেন বিশ্বের মধ্যে ১৪৪ নম্বরে, আরেকজন স্পেশালিস্ট সিঙ্গলস প্লেয়ার প্রজনেস গুণেশ্বরণ ছিলেন ১৪৮-এ। আইটিএ-র তরফে ভারতীয় টেনিস সংস্থাকে জানানো হয়েছে সুমিত নাগাল ও ইউকি ভামব্রি, যিনি ১২৭ নম্বরে রয়েছেন, অলিম্পিকে অংশ নিতে পারবেন। যদিও ভামব্রি চোটের কারণে টোকিওতে যেতে পারবেন না বলে জানিয়েছেন। মনে করা হচ্ছে, করোনা আবহে যেভাবে টোকিও অলিম্পিক থেকে একের পর এক টেনিস খেলোয়াড় নাম প্রত্যাহার করছেন সেই সুবাদেই ভারতীয় টেনিস খেলোয়াড়দের কাছে চলে এল অলিম্পিকে নামার অপ্রত্যাশিত সুযোগ।

নজরে আরও
নাগালের অলিম্পিকে নামা নিশ্চিত হয়ে গেলেও নজর থাকবে গুণেশ্বরণের দিকেও। আজই শেষ হচ্ছে টোকিও অলিম্পিকে টেনিসে অংশগ্রহণের চূড়ান্ত সময়সীমা। তারপর যেমন গুণেশ্বরণের ভাগ্য নির্ধারিত হবে, তেমনই দেখার রোহন বোপান্না ও সুমিত নাগালের কম্বাইন্ড ব্যৃাঙ্কিং তাঁদের টেনিসের ডাবলসে নামার বিষয়টি সুনিশ্চিত করে কিনা। কেন না, দ্বিভিজ শরণের সঙ্গে বোপান্নার যা কম্বাইন্ড ব্যৃাঙ্কিং ছিল তাতে তাঁরা টোকিওর টিকিট পাননি। এখন একাধিক খেলোয়াড়ের নাম প্রত্যাহারে ডাবলসের রাস্তাও খুলে যায় কিনা সেদিকে নজর ভারতীয় টেনিস মহলের।

স্বস্তিতে সানিয়া
নাগালের অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত হতেই কিছুটা স্বস্তি পাবেন সানিয়া মির্জাও। তিনি ডাবলসে অঙ্কিতা রায়নার সঙ্গে জুটি বেঁধে নামবেন। কিন্তু এতদিন অবধি কোনও ভারতীয় পুরুষ টেনিস খেলোয়াড় অলিম্পিকের টিকিট না পাওয়ায় সানিয়ার মিক্সড ডাবলসে নামার সম্ভাবনাই ছিল না। ফলে নাগালের সঙ্গে তিনি মিক্সড ডাবলসেও নামতে পারবেন। এর ফলে ভারতীয়দের টেনিসে যেখানে একটি বিভাগেই দেখা যেত, সেখানে ইতিমধ্যেই আরও দুটি বিভাগে নামার দরজাও খুলে গেল অলিম্পিক শুরুর ঠিক এক সপ্তাহ আগে।












Click it and Unblock the Notifications