চোখের জলে বিদায় নিলেন আহত সেরেনা, হোঁচট খেয়ে উইম্বলডন শুরু ফেডেরারের
উইম্বলডনের দ্বিতীয় দিনেই ইন্দ্রপতন। প্রথম ম্যাচের প্রথম সেটেই বাঁ পায়ে চোট পেয়ে উইম্বলডন থেকে ছিটকে গেলেন মহিলাদের সিঙ্গলসে সাতবারের চ্যাম্পিয়ন তথা শেষ দুবারের রানার-আপ সেরেনা উইলিয়ামস। দুই সেট হেরেও কিছুটা কপাল-জোরে দ্বিতীয় রাউন্ডে উঠলেন আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেডেরার।

প্রথম রাউন্ডে ষষ্ঠ বাছাই রজার ফেডেরারের খেলা ছিল অবাছাই আদ্রিয়ান মানারিনোর বিরুদ্ধে। প্রথম সেট ৬-৪ ব্যবধানে জেতেন ফেডেরার। যদিও এরপরই অঘটনের সম্ভাবনা তৈরি করেছিলেন ফ্রান্সের মানারিনো। পরের দুটি সেট তিনি জিতে নেন ৭-৬ ও ৬-৩ ব্যবধানে। চতুর্থ সেট ৬-২-এ জিতে সমতা ফেরান ফেডেরার। বিশ্বের ৪১ নম্বর মানারিনো ৩৩তম জন্মদিনে খেলছিলেন ফেডেক্সের বিরুদ্ধে। চতুর্থ সেটে ফেডেরার যখন ৪-২-এ এগিয়ে তখন রিটার্নের সময় পা পিছলে ডান পায়ের হাঁটুতে চোট পান মানারিনো। এরপর আর পঞ্চম সেট খেলা সম্ভব হয়নি তাঁর পক্ষে। শীর্ষ বাছাই নোভাক জকোভিচ এবারের উইম্বলডন শুরু করেছিলেন প্রথম সেটে হেরে। তবে পরে সহজ জয় পেয়েছিলেন। প্রথম দিনেই ছিটকে যান সিটসিপাস। ফেডেরারও আশঙ্কা কাটিয়ে পৌঁছালেন দ্বিতীয় রাউন্ডে।

মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে ভেনাস উইলিয়ামস পৌঁছালেও ষষ্ঠ বাছাই সেরেনা উইলিয়ামসকে ছিটকে দিল চোট। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সেরেনার প্রথম ম্যাচ চলছিল বেলারুশের আলিয়াকজান্দ্রা সাসনোভিচের সঙ্গে। প্রথম সেট যখন ৩-৩ তখনই চোটের কারণে সরে দাঁড়াতে হয় সেরেনাকে।
We're heartbroken for you, Serena.
— Wimbledon (@Wimbledon) June 29, 2021
Our seven-time singles champion is forced to retire from The Championships 2021 through injury#Wimbledon pic.twitter.com/vpcW1UN78s
পঞ্চম গেমে সার্ভ ছিল সেরেনার, ফোরহ্যান্ড মারার সময় বেসলাইনের কাছে বাঁ পায়ে চোট লাগে। গেম খুইয়ে মেডিক্যাল টাইমআউট নেন সেরেনা। তারপর খেলা চালানোর চেষ্টা চালিয়েও পারেননি। আটকাতে পারেননি চোখের জল। ৩-৩ গেমের পর ১৫-৩০-এ পিছিয়ে থাকা অবস্থায় খেলা ছাড়তে বাধ্য হন সেরেনা। ২০১৬ সালে শেষবার অল ইংল্যান্ড ক্লাবে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। মহিলাদের সিঙ্গলসের শীর্ষ বাছাই অ্যাশলে বার্টি দ্বিতীয় রাউন্ডে উঠেছেন স্ট্রেট সেটে দাপুটে জয় ছিনিয়ে নিয়েই।












Click it and Unblock the Notifications