Wimbledon 2022: এক বছরের ব্যবধানে পরিবর্তিত হল না চিত্র, উইম্বলডনকে বিদায় টেনিসের 'রানি' সেরেনা উইলিয়ামসের
Wimbledon 2022: এক বছরের ব্যবধানে পরিবর্তিত হল না চিত্র, উইম্বলডনকে বিদায় টেনিসের 'রানি' সেরেনা উইলিয়ামসের
প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে পারলেন না সেরেনা উইলিয়ামস। প্রায় এক বছর পর টেনিস কোর্টে ফিরে প্রথম রাউন্ডের ম্যাচ থেকেই ছিটকে যেতে হল টেনিস কিংবদন্তিকে। অবাছাই হারমনি ট্যানের বিরুদ্ধে আমেরিকার টেনিস কুইন পরাজিত হলেন ৫-৭, ৬-১, ৬-৭ (৭-১০) ব্যবধানে।

সেরেনার বিরুদ্ধে এই জয় পেয়ে রীতিমতো হকচকিত হারমনি। ফরাসি টেনিস খেলোয়াড়টি বলেছেন, "আমার প্রথম উইম্বলডনেই এমনটা ঘটল। এক কথাও অসাধরণ।" গ্যালারিতে উপস্থিত অগুণিত সমর্থকের করতালি সঙ্গে নিয়ে সন্ধ্যার ম্যাচ খেলতে কোর্টে আসেন সেরেনা। টেনিসের অন্যতম কৃতী তারকার জন্য উপচে পড়েছিল ভিড়। সাত বারের চ্যাম্পিয়নের প্রথম সার্ভিস দেখেই বোঝা গিয়েছিল ফর্মে মরচে পড়েছে। তাঁর প্রথম সার্ভিস গেমই ব্রেক করে দেন হারমনি। নিজের সেরা ছন্দের অনেক বাইরে ছিলেন সেরেনা এবং ফিটনেসের সমস্যাও দেখা দিচ্ছিল। চতুর্থ গেমে তিনি ফরাসি তরুণীর সার্ভিস ব্রেক করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন (২-২)। কিন্তু শেষ পর্যন্ত ৭-৫ ব্যবধানে প্রথম সেট বের করে নেন হারমনি ট্যান।

২৩ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামস দারুণ ভাবে ফিরে আসেন দ্বিতীয় সেটে। দ্বিতীয় সেটের দ্বিতীয় গেম ব্রেক করার পর ট্যানকে দাঁড়াতেই দেননি ৬-১ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নেন। সেই কোর্ট জুড়ে দৌড় নিখুঁত এস, নিখুঁত প্লেসিং, পুরনো সেরেনা উইলিয়ামস তখন কোর্ট দাপাচ্ছেন। কিন্তু সমর্থকদের নয়নকে তৃপ্ত করা দ্বিতীয় সেটে স্বমহিমায় নিজেকে মেলে ধরা সেরেনা তৃতীয় সেটে ছন্দ ধরে রাখতে পারেননি। ম্যাচের ভাগ্য নির্ধারণকারী সেটে সেরেনা প্রথম ব্রেক করলেও ট্যান সমতা ফিরিয়ে সেটের ফল একটা সময় করেন ৩-৩। নবম গেমে ফের ব্রেক করেন সেরেনা এবং ম্যাচ জয়ের জন্য সার্ভ করেন। কিন্তু তাঁর ধারাবাহিকতার অভাব ৪০ বছর বয়সী টেনিস নক্ষত্রকে সমস্যায় ফেলে। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে এবং ৬-৭ (৭-১০) সেই ম্যাচ বের করে নেন ২৪ বছর বয়সী ফরাসি তরুণী।
ম্যাচ শেষে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি হারমনি ট্যান। তিনি বলেছেন, "আমি অত্যন্ত আবেগতাড়িত হয়ে পড়েছি। উনি এক জন সুপারস্টার। আমি যখন ছোট ছিলাম ওনাকে টিভিতে দেখাম বহু সময়ে। আমি যখন ড্র দেখে তখন সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। একজন কিংবদন্তি উনি, আমি ভেবে ছিলাম যদি আমি এক বা দু'টো গেম জিততে পারি সেটাই আমার কাছে অনেক বড় বিষয়।"
ঠিক এক বছর আগে প্রথম রাউন্ডের ম্যাচে চোট পেয়েছে চোখের জলে উইম্বলডনকে বিদায় জানিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। সমর্থকরা রীতিমতো সংশয় প্রকাশ করেছেন, এ বারের উইম্বলডনে টেনিস কেরিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেললেন না তো সেরেনা। ৬ বছর আগে উইম্বলডনে শেষ খেতাব জিতেছিলেন উইলিয়ামস। যদিও ২০১৮ এবং ২০১৯ উইম্বলডনের ফাইনালে তিনি পৌঁছেছিলেন।












Click it and Unblock the Notifications