অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস ফাইনালে মির্জা-বোপান্না, প্রথম পার্টনারকে নিয়েই শেষ গ্র্যান্ড স্ল্যামে সানিয়া
অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে পৌঁছে গেলেন সানিয়া মির্জা। ১৪ বছর বয়সে প্রথমবার জুটি বেঁধেছিলেন, ফলে বোপান্নাই হলেন সানিয়ার প্রথম মিক্সড ডাবলস পার্টনার।
অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস থেকে ছিটকে গিয়েছিলেন দ্বিতীয় রাউন্ডেই। যদিও এখনও সানিয়া মির্জার সামনে কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। রোহন বোপান্নাকে নিয়ে ভারতীয় টেনিস সেনসেশন পৌঁছে গেলেন মিক্সড ডাবলসের ফাইনালে। জয় এলো সুপার টাইব্রেকারে।

ফাইনালে সানিয়া-বোপান্না
সানিয়া মির্জা ও রোহন বোপান্না গতকাল সেমিফাইনালে উঠেছিলেন ওয়াকওভার পেয়ে। আজ ভারতীয় জুটি হারিয়ে দিল নিল স্কুপস্কি ও ডেসিরে ক্রজিক জুটিকে। খেলার ফল ৭-৬, ৬-৬ (১০-৬)। সুপার টাইব্রেকে সানিয়া-বোপান্না জুটি দাপট দেখিয়ে শুরুতেই অনেকটা এগিয়ে যায়। সানিয়ার দুরন্ত ব্যাকহ্যান্ড ছিল দেখার মতো। তাঁর ড্রাইভ ভলির কোনও উত্তর ক্রজিকের কাছে না থাকায় শেষ হাসি হাসে ভারতীয় জুটি। সানিয়া শেষবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে কোনও খেতাব জিতেছেন ২০১৬ সালে। সেবার মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে ডাবলস চ্যাম্পিয়ন হন।
|
প্রথম পার্টনারের সঙ্গে শেষবার
২০০৯ সালে মহেশ ভূপতিকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস খেতাব জিতেছিলেন সানিয়া। এবার রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শেষ করছেন তিনি। এদিন ম্যাচ জেতার পর সানিয়া জানান, রোহন বোপান্নাই তাঁর প্রথম মিক্সড ডাবলস পার্টনার। ১৪ বছর বয়সে প্রথমবার বোপান্নার সঙ্গে জুটি বেঁধেছিলেন। তখন রোহনের বয়স ছিল ২০। আমরা দুজনেই খেলছি, দুজনের সম্পর্কও খুবই মজবুত।
|
মধুরেণ সমাপয়েৎ হবে?
২০১৮ সালে টিমেয়া বাবোসের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলস খেলেছিলেন রোহন বোপান্না। সানিয়া ২০১৭ সালে শেষবার অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনাল খেলেন ইভান ডডিগের সঙ্গে জুটি বেঁধে। ফলে দুজনেই বেশ কয়েক বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনাল খেলছেন। এবার অস্ট্রেলিয়ান ওপেনে সিঙ্গলসে ছিলেন না কোনও ভারতীয়। আগামী মাসে দুবাইয়ে পেশাদার টেনিসকে বিদায় জানাবেন সানিয়া। তাঁর আগে কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হতে পারলে তা হবে সোনায় সোহাগা।

মেলবোর্নে সুখস্মৃতি
অস্ট্রেলিয়ান ওপেনে এই নিয়ে ডাবলসের ফাইনালে সানিয়া উঠলেন ষষ্ঠবার। তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবেন শুক্রবার। সানিয়ার কথায়, এখানে খুব বেশি সাফল্য পাইনি। তবে সেরা মুহূর্ত হিসেবে বেছে নেব ১৮ বছর বয়সে সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হওয়া। সেরেনা ২০০৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেবার তাঁর কাছে তৃতীয় রাউন্ডে হেরে গিয়েছিলাম। (খেলার ফল ছিল সেরেনার পক্ষে ৬-১, ৬-৪)। কিন্তু সেই পরাজয় থেকেও বিশ্বাস জন্মেছিল গ্র্যান্ড স্ল্যামে খেলার আমি যোগ্য। ভারতীয় প্লেয়ার হিসেবে স্ল্যামে খেলার স্বপ্ন দেখেছি। সেখানে জেতার বিষয়ে নিজেকে প্রত্যয়ী করেছিল ওই পরাজয়টাই। এখনও ওই ম্যাচের কথা মনে পড়লে শিহরণ জাগে। এটা আমার কাছে এক অবিস্মরণীয় স্মৃতি।












Click it and Unblock the Notifications