Sania Mirza: বন্ধুর সঙ্গে বাগদানের পরও শোয়েবকে বিয়ে! সানিয়ার সঙ্গে নায়কদের সম্পর্ক ঘিরেও ওঠে ঝড়
Sania Mirza: খুলা-র মাধ্যমে শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছেন সানিয়া মির্জা। প্রাক্তন পাকিস্তান অধিনায়ক এই নিয়ে তৃতীয় বিয়ে সেরেছেন। এবার বিয়ে করেছেন পাক অভিনেত্রী সানা জাভেদকে।
সানিয়ার সঙ্গে বিচ্ছেদ শোয়েবের পরিবার মানতে পারেনি। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, শোয়েব সম্প্রতি যে বিয়ে করেছেন তাতে শোয়েবের পরিবারের কেউ হাজির হননি। তবে জানেন কি, সানিয়ার কিন্তু শোয়েবের সঙ্গে বিয়ের আগে অন্য একজনের সঙ্গে বাগদান হয়েছিল?

২০০৯ সাল। সানিয়ার বয়স তখন ২৩। হায়দরাবাদের জনপ্রিয় বেকারি সংস্থার কর্ণধার মহম্মদ সোহরাব মির্জা তখন বছর চব্বিশের। তিন প্রজন্ম ধরে দুই পরিবারের সম্পর্ক। স্বাভাবিকভাবেই সানিয়ার সঙ্গে সোহরাবের বন্ধুত্ব হতে সময় লাগেনি। দুই পরিবারের সম্মতিতেই হয়েছিল বাগদান।
২০০৯ সালের ১০ জুলাই হায়দরাবাদের এক পাঁচতারা হোটেলে হয়েছিল সানিয়া-সোহরাবের বাগদানের অনুষ্ঠান। পুল্লেলা গোপীচাঁদ, অভিনেতা বিষ্ণু থেকে শুরু করে মন্ত্রী, শিল্পপতিরা হাজির ছিলেন। সানিয়ার দিক থেকে ২০০ জন-সহ প্রায় শ-তিনেক আমন্ত্রিত উপস্থিত ছিলেন সেই বাগদানের অনুষ্ঠানে।
কিন্তু এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বাগদান হলেও সানিয়া-সোহরাবের সম্পর্ক বিয়ে অবধি গড়ায়নি। প্রথমে জানা গিয়েছিল, সোহরাবের পরিবারের তরফে সানিয়াকে বিয়ের পর খেলা ছাড়ার কথা বলা হয়েছিল। তাতে আপত্তি ছিল সানিয়ার, তাঁর পরিবারেরও। তবে দুই পরিবারের তরফে বলা হয়, সম্পর্ক ভাঙার পিছনে টেনিস কোনও কারণ নেই।
দুই পরিবারের তরফেই দাবি করা হয়েছিল, সানিয়া ও সোহরাব পরস্পরের মধ্যে আলোচনা করেই সম্পর্ক থেকে সরে আসেন। সোহরাব পরে এক সাক্ষাৎকারে জানান, সানিয়া সকলের কাছে সেলিব্রিটি হলেও তাঁর কাছে একজন সাধারণ মেয়েই। সানিয়ার টেনিস কেরিয়ার নিয়ে তিনি গর্বিত। তাছাড়া তিনি ব্যবসায়ী পরিবারের ছেলে। ফলে এমনিতে সমস্যার কিছু ছিল না।
কিন্তু বাগদানের পরই বেশ কিছু বিষয় দেখে দুজনেই উপলব্ধি করতে থাকেন এই সম্পর্ক হোঁচট খেতে শুরু হয়েছে। ফলে বিয়ের আগেই দুজনে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। এরপর ২০১০ সালে প্রবল বাধা, বিপত্তি, হুমকি উপেক্ষা করে সানিয়া বিয়ে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিককে।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের আগে সানিয়ার সঙ্গে নাম জড়িয়েছিল শাহিদ কাপুর ও ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা নবদীপ পাল্লাপোলুর। সানিয়ার সঙ্গে শাহিদের ডেটিং নিয়ে জল্পনা থাকলেও কেউই তা স্বীকার করেননি প্রকাশ্যে। তেমনই নবদীপের সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চার মধ্যে দুজনেই দুজনকে একে অপরের বন্ধু বলে স্বীকার করেন। তবে জিমে বা অন্যত্র যে তাঁরা একসঙ্গে সময় কাটিয়েছেন সে কথা স্বীকার করেছিলেন।
শোয়েব মালিক তৃতীয় বিয়ে সেরে ফেললেন। সানিয়ার প্রথম বিয়ে কিন্তু টিকল না। ঠিক তাঁর বোন আনম মির্জার মতোই। আনমেরও বিয়ে হয়েছিল ব্যবসায়ী পরিবারের ছেলে আকবর রশিদের সঙ্গে। সেই বিয়ে টেকেনি। পরে মহম্মদ আজহারউদ্দিনের পুত্র আসাদউদ্দিনকে বিয়ে করেন আনম। সানিয়া কি দ্বিতীয় বিয়ের পথে হাঁটবেন?












Click it and Unblock the Notifications