Australian Open 2024: অস্ট্রেলিয়ান ওপেনে প্রত্যাবর্তনের আগেই নাম প্রত্যাহার, নাদাল যুগের শেষের শুরু?
বছরের শুরুতেই টেনিস প্রেমীদের জন্য দুঃসংবাদ। প্রায় এক বছর কোমরের চোটের কারণে কোর্টের বাইরে ছিলেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনেই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে প্রত্যাবর্তন ঘটাতে চেয়েছিলেন স্প্যানিশ টেনিস তারকা। কিন্তু টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগেই নাম প্রত্যাহার করে নিলেন নাদাল। চোটের কারণেই শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলেন নাদাল।
গত বার এই অস্ট্রেলিয়ান ওপেনে হেরে গিয়েই সারা বছরের জন্য কোর্ট থেকে ছিটকে যান নাদাল। কোমরে চোট পেয়েছিলেন। গত জুনে তাঁর অস্ত্রোপচার হয়। তার পর থেকে খেলতে পারেননি গোটা মরসুম। চোট সারিয়ে ব্রিসবেন ওপেন খেলতে নেমেছিলেন। চেয়েছিলেন এই প্রতিযোগিতায় ভাল খেলে প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন। কিন্তু শনিবারই ব্রিসবেন ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যান। চোটের আশঙ্কা ক্রমশই বাড়ছিল।

একইসঙ্গে স্প্যানিশ টেনিস তারকা বলেন, 'আপাতত স্পেনে ফিরে যাব, সেখানে গিয়ে চিকিৎসকদের পারমর্শ নেব। বিশ্রামে থাকতে হবে। মেলবোর্নের দর্শকদের মিস্ করব। কিন্তু অস্ট্রেলিয়ায় যে কয়েকটা ম্যাচ খেলতে পেরেছি তাতে আমি খুশি। '
২২ গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস তারকা এবার অস্ট্রেলিয়ান ওপেনে অন্যতম আর্কষণ ছিলেন। কারণ ২০২৩ সালে মেলবোর্ন পার্ক থেকে ছিটকে যাওয়ার পর গত বছরের তিনটি টুর্নামেন্টে আর কোর্টে নামতেই পারেননি। এরমধ্যে ছিল ফরাসি ওপেনও। পেশির চোট নিয়ে চিন্তিত ছিলেন টেনিস তারকা রাফায়েল নাদাল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। আরও একটা টুর্নামেন্ট শুরুর আগেই সমাপ্তি হল নাদালের।
আর তাই প্রশ্ন উঠছে নাদালের টেনিসজীবন কি শেষ হয়ে গেল? এই চোটে তেমনই আশঙ্কা দেখা দিয়েছে। ব্রিসবেন ওপেন থেকে আগেই ছিটকে গিয়েছিলেন স্পেনের তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর অংশগ্রহণ নিয়ে আশঙ্কা ছিল। অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহারের সঙ্গে সঙ্গে নাদালের কেরিয়ার নিয়েও এবার প্রশ্ন উঠে গেল। ফেডেরার আগেই অবসর নিয়েছেন, এবার নাদালও চোটে চোটে জেরবার। জকোভিচই এখনও আর্কষণের কেন্দ্রবিন্দুতে।












Click it and Unblock the Notifications