Rafael Nadal: গ্রাস করল আবেগ, ২০ বছর পর ডেভিস কাপে পরাস্ত রাফায়েল নাদাল! বিদায়ী ম্যাচ নিয়ে চর্চা তুঙ্গে
Rafael Nadal: রাফায়েল নাদালের বিদায় মুহূর্তটা সুখকর হলো না। মালাগায় ডেভিস কাপ খেলেই অবসর নেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন রাফা।
জানা গিয়েছিল, নাদাল ডাবলসে খেলবেন। যদিও ম্যাচের আগে জানানো হয় তাঁর সিঙ্গলসে নামার কথা। সেই ম্যাচেই হেরে গেলেন। তবে আরও একবার কোর্টে নামার সুযোগ কিন্তু থাকছে।

মালাগার পালাসিও দেপোর্তেস মার্টিন কারপেনায় এদিন যখন স্পেনের জাতীয় সংগীত বেজে উঠল, নাদাল আবেগ ধরে রাখতে পারেননি। তাঁর চোখ ছলছল করছিল। চোটের কারণেই প্যারিস অলিম্পিক্সের পর আর কোর্টে নামা হয়নি তাঁর।
The 🇪🇸 national anthem sets the emotional tone for tonight in Malaga 🥺 pic.twitter.com/MbpfxmJXRV
— US Open Tennis (@usopen) November 19, 2024
কেরিয়ারের শেষ টুর্নামেন্ট। সেই আবেগ কিন্তু গ্রাস করল নাদালকে। ১৪ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়নকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডে জান্ডশাল্প, যিনি এর আগে ইউএস ওপেনে হারান কার্লোস আলকারাজকে।
এবার নাদালকে হারালেন ৬-৪, ৬-৪ সেটে। ডেভিস কাপে ফের সিঙ্গলসে নামার সুযোগ রয়েছে। সেই ম্যাচে নাদাল নামবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। যদি না নামেন তাহলে ডেভিস কাপের এই ম্যাচটিই হয়ে রইল নাদালের পেশাদার টেনিসে শেষ ম্য়াচ।
প্যারিস অলিম্পিক্সে নোভাক জকোভিচের কাছে হেরে ছিটকে গিয়েছিলেন নাদাল। তারপর এদিন কোর্টে নেমে একেবারেই চেনা ছন্দে ছিলেন না। ২০০৪ সালে নাদাল ১৭ বছর বয়সে ডেভিস কাপের ম্যাচে হেরেছিলেন। এবার খেলতে নেমেছিলেন ডেভিস কাপে টানা ২৯টি ম্যাচ জিতে। কিন্তু জয়ের সেই ধারা বজায় রাখতে পারলেন না।
প্রথম সেটে দ্বিতীয় গেমে নাদালের প্রতিপক্ষ কিছুটা চাপেই ছিলেন, তিনবার ডাবল ফল্ট করে বসেন। যদিও শেষ অবধি গেম জিতে ১-১ করেন। একটা সময় খেলার ফল ছিল ৪-৪। এরপর নাদালের সার্ভ ভাঙেন, তারপর প্রথম সেটও জিতে নেন ডাচ টেনিস তারকা।
নাদালকে ভোগাচ্ছিল গ্রাউন্ডস্ট্রোক। দ্বিতীয় সেট জান্ডশাল্প দাপট নিয়েই শুরু করেন। শুরুতেই নাদালের সার্ভ ব্রেক করেন। ৩০-৪০-এ পিছিয়ে থাকা নাদাল ডিউস নিশ্চিত করতে মরিয়া থাকলেও সেই পরিকল্পনা ভেস্তে যায়। নাদাল তবু লড়াইয়ের চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু ফের সার্ভ ব্রেক হওয়ায় ১-৪-এ পিছিয়ে পড়েন।
তারপরও লড়াই ছাড়েননি রাফা। পরপর ২টি গেম জিতে ৩-৪ করেন, ৩০-০-তে এগিয়ে গিয়ে দ্বিতীয় সার্ভ ব্রেকের সুযোগও পেয়েছিলেন। যদিও শেষ অবধি সার্ভ ধরে রাখেন জান্ডশাল্প, টানা চারটি পয়েন্ট জিতে। তারপর আর ফিরে তাকাতে হয়নি। জিতে নেন ১ ঘণ্টা ৫২ মিনিটের দ্বৈরথ।
ডাবলস খেলার কথা থাকলেও স্পেনের অধিনায়ক নাদালকে সিঙ্গলস খেলার সুযোগ করে দেন। সেই ম্যাচটি হেরে গেলেন রাফা। ফেরার ফের নাদালকে কোর্টে নামার সুযোগ করে দিলে তা হবে রাফা-ভক্ত তথা টেনিসপ্রেমীদের কাছে বড় পাওনা। এর আগে জান্ডশাল্পকে ২ বার হারালেও বিদায়ী টুর্নামেন্টে পরাস্ত হলেন নাদাল।












Click it and Unblock the Notifications