Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স ১ দিন দূরে! সরলেন সিনার, নাদালের সঙ্গে প্র্যাকটিস আলকারাজের
Paris Olympics 2024: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন ঠিক আর ১ দিন দূরে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাগবি, ফুটবল।
অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন টেনিসের সূচি নির্ধারিত হবে। ইতিমধ্যেই প্যারিস জমজমাট তারকাদের উপস্থিতিতে। তবে বিশ্বের ১ নম্বর ইয়ানিক সিনার এবার অলিম্পিক্সে নামছেন না।

চলতি বছরেই কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সিনার জেতেন অস্ট্রেলিয়ান ওপেনে। ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠে নোভাক জকোভিচকে সরিয়ে বিশ্বের ১ নম্বর হন। প্যারিস অলিম্পিক্সে ইতালির সিনারের সিঙ্গলসের পাশাপাশি লোরেঞ্জো মুসেত্তির সঙ্গে জুটি বেঁধে ডাবলসে নামার কথা ছিল।
কিন্তু টন্সিলাইটিসের কারণে সিনার এবারের অলিম্পিক্সে নামতে পারছেন না বলে জানালেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। ক্লে কোর্টে অনুশীলন চালাচ্ছিলেন। অলিম্পিক্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে। তারপর অসুস্থ হয়ে কয়েক দিন বিশ্রাম নেন।
কিন্তু টন্সিলাইটিস ধরা পড়েও চিকিৎসকের নির্দেশ মেনে তিনি সরে গেলেন অলিম্পিক্সের আসর থেকে। হতাশ হলেও দেশের ক্রীড়াবিদদের বাইরে থেকেই সমর্থন করবেন বলে জানালেন তিনি। সিনারের সিদ্ধান্তে জকোভিচের স্বপ্নপূরণের সম্ভাবনা জোরদার হলো বলে মনে করা হচ্ছে।
প্যারিসে পৌঁছে প্র্যাকটিসে নেমে পড়েছেন জকোভিচ। সার্বিয়ার হয়ে চারবার অলিম্পিক্সে অংশ নিয়েছেন জকোভিচ। প্রথম ও একমাত্র পদক জয় ২০০৮ সালের বেজিং গেমসে, সিঙ্গলসে ব্রোঞ্জ। বাকি অলিম্পিক্সের আসরে হতাশ করেছেন জকোভিচ। কেরিয়ারের শেষ অলিম্পিক্সে তিনি পদক জিততে মরিয়া।
মহিলাদের মধ্যে অনেক তারকাই সরে দাঁড়িয়েছেন প্যারিস অলিম্পিক্সের আসর থেকে। অলিম্পিক্সে রুপোজয়ী মার্কেতা ভন্দ্রৌসোভা, হুবার্ট হুরকাজ, বিশ্বের তিন নম্বর আরিনা সাবালেঙ্কা, ওন্স জাবেউর, এমা রাদুকানু সরে দাঁড়িয়েছেন আগেই।
প্যারিস অলিম্পিক্স যেমন স্প্যানিয়ার্ড কিংবদন্তি রাফায়েল নাদালের শেষ অলিম্পিক্স, তেমনই কার্লোস আলকারাজের প্রথম। নাদাল ২০০৮ সালে সিঙ্গলসে সোনা জেতেন, ২০১৬ সালের অলিম্পিক্সে মার্ক লোপেজের সঙ্গে জুটি বেঁধে জেতেন সোনা।
এবার নাদালের ডাবলস সঙ্গী আলকারাজ। আলকারাজ জানিয়েছেন, নাদালের সঙ্গে খেলার স্বপ্নপূরণ হতে চলেছে। সিঙ্গলসের জন্য ডাবলস বেশি খেলা হয় না। তবে খেলতে ভালোবাসেন। রাফার কাছ থেকে অনেক কিছু শিখছেন। তবে পদকের নিশ্চয়তা এখনই দিতে পারছেন না।
নিজের দেশের আলকারাজের উত্থানে খুশি ২২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদাল। প্রশংসাও করেছেন। নাদাল বলেছেন, প্যারিসে ডাবলস অনুশীলন করছি। তবে অন্য জুটিগুলির মতো আরও বেশি ডাবলস অনুশীলন করা গেলে ভালো হতো। অনুশীলন চালানোর পাশাপাশি সূচির দিকেও তাকিয়ে রাফা। আলকারাজ স্বপ্নের নায়কের সঙ্গেই অলিম্পিক্স পোডিয়ামে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। তবে প্রকাশ্যে সে কথা বলছেন না।












Click it and Unblock the Notifications