নোভাক জকোভিচই অস্ট্রেলিয়ান ওপেনের শীর্ষ বাছাই! খেলতে পারার সবুজ সঙ্কেত কি পেলেন?
নোভাক জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের শীর্ষ বাছাই। বিশ্বের ১ নম্বর সার্বিয়ান তারকা দশম অস্ট্রেলীয় ওপেন খেতাব জেতার লক্ষ্যে নামতে পারবেন কিনা তা অবশ্য আজও স্পষ্ট হলো না। জকোভিচ অবশ্য মেলবোর্নে এদিনও অনুশীলন করেছেন। জোকারকে নিয়ে কথা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যেও।

করোনা ভ্যাকসিন না থাকায় জকোভিচকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঢোকার আগেই বাধা দেওয়া হয়েছিল। তাঁর ভিসা-সহ নথি আটকে রেখে তাঁকে রাখা হয়েছিল ইমিগ্রেশন ডিটেনশনে। যে হোটেলে তাঁকে রাখা হয়েছিল সেখানে অবশ্য নোভাকের সমর্থনে হাজির হয়েছিলেন ভ্যাকসিন-বিরোধীরা এবং অবশ্যই তাঁর ভক্তরা। আদালতের দ্বারস্থ হয়ে অবশ্য জয়লাভ করেন জকোভিচ। আদালত সাফ জানিয়ে দেয়, নোভাককে হোটেল থেকে মুক্তি দিতে হবে। তিনি যাতে অস্ট্রেলীয় ওপেন খেতাব দখলে রাখার লড়াইয়ে নামতে পারেন তাও নিশ্চিত করতে বলা হয়েছিল। এরপরই রড লেভার অ্যারেনায় গিয়ে নেমে পড়েন জকোভিচ।

তবে বিষয়টি এত সহজও নয়। কেন না, বিশেষ ক্ষমতাবলে এখনও অস্ট্রেলিয়ায় ঢুকতে না দেওয়ার অধিকার রয়েছে ইমিগ্রেশন মিনিস্টার অ্যালেক্স হকের। জকোভিচের বিষয়টি এখনও তাঁর বিবেচনাধীন রয়েছে। গাইডলাইন না মানায় চেক প্রজাতন্ত্রের টেনিস প্লেয়ার রেনাতা ভোরাসোভা এবং এক টেনিস অফিসিয়ালকেও অস্ট্রেলিয়া ঢোকার আগে আটকে দেওয়া হয়। জকোভিচ এদিনও অনুশীলন করেছেন। কিন্তু এদিন অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার স্কট মরিসনের সঙ্গে জকোভিচের বিষয়ে কথা হয় সার্বিয়ার প্রাইম মিনিস্টার আনা ব্রানাবিকের। কোভিড-১৯ পরিস্থিতিতে দেশকে সুরক্ষিত রাখতে সীমান্ত সংক্রান্ত নীতিতে যে কোনও বৈষম্যমূলক পদক্ষেপ অস্ট্রেলিয়ার সরকার করতে চায় না তা স্পষ্ট করেন মরিসন। জকোভিচের সম্মানের কথা ভেবেই তাঁর সঙ্গে যথাযথ আচরণ করার অনুরোধ জানিয়ে সার্বিয়ার প্রধানমন্ত্রী বলেন, তাঁরা নিয়মিত এ বিষয়ে যোগাযোগ রাখবেন। ফলে এখনও নিশ্চিতভাবে বলা যায় না জকোভিচ খেলতে পারবেনই। তবে আদালতের রায়ের পরও তাঁকে ফের বাধা দেওয়ার পথে অস্ট্রেলিয়া হাঁটবে কিনা সেটাই দেখার।

(ছবি- নোভাক জকোভিচের টুইটার)
এরই মধ্যে প্রত্যাশিতভাবেই জকোভিচকে শীর্ষ বাছাই রেখেই বাছাইদের তালিকা প্রকাশ করা হয়েছে। পুরুষদের সিঙ্গলসে দানিল মেদভেদেভ দ্বিতীয় বাছাই, তিনে আলেকজান্ডার জেরেভ, চারে স্তেফানোস সিটসিপাস, পঞ্চম বাছাই আন্দ্রে রুবলেভ, ষষ্ঠ বাছাই রাফায়েল নাদাল। মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অ্যাশ বার্টি। দ্বিতীয় বাছাই আরিা সাবালেঙ্কা। তিন থেকে পাঁচে যথাক্রমে গারবিন মুগুরুজা, বারবোরা ক্রেজিকোভা ও মারিয়া সাক্কারি।












Click it and Unblock the Notifications