Novak Djokovic: নোভাক জকোভিচ পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ায়, মেলবোর্ন পার্কে নামার প্রতীক্ষা
অস্ট্রেলিয়ান ওপেনে প্রত্যাবর্তন করতে চলেছেন নোভাক জকোভিচ। করোনার ভ্যাক্সিন না নেওয়ায় জোকারকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয়েছিল চলতি বছরের গোড়ায়। অস্ট্রেলিয়ায় পৌঁছে যাওয়ার পর তাঁকে আটকে রাখা হয়। আইনি লড়াইয়ের শেষে টুর্নামেন্ট না খেলেই দেশে ফিরতে হয়েছিল। তবে এবার অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ অবস্থান বদল করল।

অস্ট্রেলিয়া ওপেনের জন্য প্রস্তুতি নিতে গতকাল জকোভিচ অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। করোনা ভ্যাক্সিন না নেওয়া সত্ত্বেও এবার তাঁকে আর কোনও বাধার মুখে পড়তে হয়নি। অস্ট্রেলিয়ার সরকার জকোভিচকে সে দেশে প্রবেশের অনুমতিও দিয়েছে। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে জকোভিচ অ্যাডিলেড ইন্টারন্যাশনাল খেলবেন। ৩১ ডিসেম্বর থেকে সেই প্রতিযোগিতাটি শুরু হবে।
অস্ট্রেলিয়ান ওপেনের টুর্নামেন্ট ডিরেক্টর ক্রেগ টাইলি বলেছেন, অস্ট্রেলিয়ার ক্রীড়াপ্রেমী মানুষ খেলাধুলো সম্পর্কে অত্যন্ত সচেতন ও শিক্ষিত। তাঁদের উপর আমাদের আস্থা রয়েছে। যাঁরা এ দেশে টেনিস খেলতে আসেন, এখানকার মানুষ তাঁদের খেলা পছন্দ করেন। খেলার গ্রেটনেস, অ্যাথলেটিসিজম, দারুণ সব ম্যাচ তাঁরা উপভোগ করতে ভালোবাসেন। অস্ট্রেলিয়ান ওপেনের দর্শকরা সকলকেই সম্মান প্রদর্শন যে করবেন সে ব্যাপারেও আত্নবিশ্বাসী টাইলি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, বাকি প্রতিযোগীদের মতোই সার্বিয়ান কিংবদন্তিকেও স্বাগত জানাবে অস্ট্রেলিয়া।
জকোভিচ ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতেছেন। দশম খেতাব জয়ের লক্ষ্যে তিনি নামবেন। ইতিমধ্যেই ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। উইম্বলডনের ফাইনালে নিক কির্গিয়সকে হারিয়ে তিনি টপকে যান রজার ফেডেরারকে। অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতলে তিনি ধরে ফেলবেন রাফায়েল নাদালকে। নাদালের ঝুলিতে রয়েছে ২২টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব। ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতেছিলেন জোকার। সেবার তিনি পরাস্ত করেন দানিল মেদভেদেভকে। মেলবোর্ন পার্কে জানুয়ারির ১৬ তারিখ থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেন। চলবে ২৯ তারিখ পর্যন্ত।












Click it and Unblock the Notifications