Novak Djokovic: অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনাল থেকে প্রথমবার বিদায় জকোভিচের, অঘটন ঘটালেন কে?
Novak Djokovic: নোভাক জকোভিচ কেরিয়ারে এই প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পরাস্ত হলেন। রড লেভার অ্যারেনায় তিনি হেরে গেলেন বছর বাইশের জনিক সিনারের কাছে।
২২ বছরের ইতালীয় আজ সার্বিয়ান কিংবদন্তিকে পরাস্ত করলেন চার সেটের লড়াইয়ে। যা চলল ৩ ঘণ্টা ২২ মিনিট।

৬ বছরে টানা ৩৩টি ম্যাচ জিতে ওপেন এরায় রেকর্ড গড়ার পর এদিনই প্রথমবার পরাজয়ের সম্মুখীন হলেন জকোভিচ। সিনার এদিন যেভাবে জোকারের আধিপত্য ধুলোয় মেশালেন তাতে ভবিষ্যতে তিনি যে তারকা হয়ে উঠতেই পারেন সে ব্যাপারে সংশয় নেই। জকোভিচকে একটিও ব্রেক পয়েন্ট পেতে দেননি সিনার, জকোভিচকে সাধারণ মানের দেখিয়েছে।
২ বছর আগে উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে জকোভিচের বিরুদ্ধে এগিয়ে থেকেও পাঁচ সেটের লড়াইয়ে জয় ছিনিয়ে নিতে পারেননি সিনার। জকোভিচ এদিনও প্রথম দুই সেটে পিছিয়ে পড়েছিলেন ১-৬, ২-৬ সেটে। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকারে। ৭-৬ (৬) ব্যবধানে সেই সেটটি জিতে জোকার আশা জাগিয়ে রাখলেও সিনার দাপট দেখিয়ে ৬-৩ ব্যবধানে জিতে নেন চতুর্থ সেট।
শেষ চারটি সাক্ষাতে এই নিয়ে জকোভিচকে তৃতীয়বার হারালেন সিনার। গত বছর হারিয়েছিলেন ডেভিস কাপের সেমিফাইনালে। তবে এদিন জেতার পর সাফল্যের মন্ত্র গোপনই রেখেছেন সিনার। কীভাবে জকোভিচের বিরুদ্ধে এই ধারাবাহিক সাফল্য? এই প্রশ্নের উত্তরে সিনার বলেন, আমি জানি না, তাঁকেই জিজ্ঞাসা করুন।
তবে জকোভিচের খেলার ধরনের সঙ্গে তাঁর খেলার ধরনের যে মিল রয়েছে সে কথা উল্লেখ করেছেন সিনার। জকোভিচের সার্ভ যে ভালো সেটা মাথায় রেখেই তিনি পরিকল্পনা করেন। তবে সেই পরিকল্পনাটি কী, তা জানাতে চাননি সিনার। চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনে এদিন প্রথমবার কোনও সেটে তিনি হারেন, সেটি আজ তৃতীয় সেটে।
জকোভিচকে এদিন এতটুকু জায়গা ছাড়েননি। প্রথম দুটি সেট জিতে নেন এক ঘণ্টার সামান্য বেশি সময়ের মধ্যেই। তবে এরপরই মরণকামড় দেওয়ার চেষ্টা করে তৃতীয় সেটটি জেতেন বিশ্বের ১ নম্বর তারকা। সিনারের কথায়, প্রথম দুটি সেটের পর বুঝতে পারি জকোভিচের ভালো লাগছে না। তৃতীয় সেটেই জেতার চেষ্টা করি, কিন্তু ফোরহ্যান্ড মিস করায় ম্যাচ পয়েন্টের ফায়দা নিতে পারিনি।
জকোভিচের কাছে উইম্বলডনের আসরে পরাজয় থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন বলে জানিয়েছেন সিনার। আজকের ম্যাচ যে কঠিন হবে সেটাও জানতেন। ফলে কেরিয়ারের সেরা জয় তাঁকে তৃপ্তি দিচ্ছে। চতুর্থ বাছাই সিনার আজ থামালেন ২১৯৫ দিন ধরে চলা অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচের ৩৩টি ম্যাচ টানা জেতার বিজয়রথ। এই প্রথমবার মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে জোকার হারলেন, আগে দশে দশ করার পর।












Click it and Unblock the Notifications