লড়ে-ওয়াকওভার পেয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে জকোভিচ, বোপান্নাদের হারে ভারতের আশা শেষ
হাড্ডাহাড্ডি ম্যাচে ওয়াক ওভার পেয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে জকোভিচ
প্রথম দুই সেট হেরে যাওয়ার পর দারুণভাবে ফিরে এলেন। পরের দুই সেটে অনায়াস জয়ের পর ওয়াকওভার পেয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন নোভাক জকোভিচ। টুর্নামেন্টে শেষ আটের মোকাবিলায় প্রবেশ করেছেন জার্মানির আলেকজান্ডার জেরেভ ও আর্জেন্তিনার দিয়েগো স্কোয়ার্টজম্যানও। ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে গেল ভারতের রোহন বোপান্না ও ক্রোয়েশিয়ার ফ্র্যাঙ্কো স্কুগরের জুটি।

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে ইতালির ১৯ বছরের লোরেঞ্জো মুসেটির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন নোভাক জকোভিচ। উঠতি তারকার বিক্রমে ম্যাচের প্রথম দুটি সেট হেরে যান বিশ্বের এক নম্বর টেনিস তারকা। প্রথম দুটি সেট টাইব্রেকারে জেতেন মুসেটি। ফলাফল যথাক্রমে ৭-৬(৯-৭), ৭-৬ (৭-২)। তবে নিজের সব অভিজ্ঞতাকে ব্যবহার করে তৃতীয় সেটে জয় হাসিল করেন নোভাক। ৬-১ গেমে ওই মোকাবিলা জেতেন সার্বিয়ার তারকা। চতুর্থ সেট ৬-০ গেমে জিতে ম্যাচ সমতায় ফেরেন জকোভিচ।
পঞ্চম সেটেও ৪-০ গেমের ব্যবধানে এগিয়ে যান বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ইতিমধ্যে লোরেঞ্জো মুসেটির পিঠে গুরুতর টান ধরে। শেষ পর্যন্ত কোর্ট কোর্ট ছাড়তেই বাধ্য হন আর্জেন্তাইন তারকা। ফলে ওয়াকওভার পেয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান জকোভিচ। তবে ১৯ বছরের টেনিস তারকার পিঠ চাপড়াতে তিনি কার্পণ্য করেননি। ফরাসি ওপেনের শেষ আটের লড়াইয়ে ইতালির মাত্তেও বেরেট্টিনির মুখোমুখি হবেন নোভাক।
ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডের অন্য ম্যাচে জাপানের কেই নিশিকোরির মুখোমুখি হয়েছিলেন জার্মানির আলেকজান্ডার জেরেভ। প্রথম সেট ৬-৪ গেমের ব্যবধানে জেতেন প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই জেরেভ। পরের দুটি সেটও ৬-১, ৬-১ ফলাফলে জিতে যান আলেকজান্ডার। এই রাউন্ডের অন্য ম্যাচে জার্মানির জান-লিনার্ড স্টার্ফকে ৭-৬, ৬-৪ ও ৭-৫ ফলাফলে হারান আর্জেন্তিনার দিয়েগো স্কোয়ার্টজম্যান।
পুরুষদের ডবলস মোকাবিলার কোয়ার্টার ফাইনালে হেরে ফরাসি ওপেনে ভারতের আশা শেষ করল রোহন বোপান্না ও তাঁর ক্রোয়েশিয় জুড়িদার ফ্র্যাঙ্কো স্কুগরদের হার। শেষ আটের লড়াইয়ে স্পেনের পেদ্রো মার্টিনেজ ও পাবলো আন্ডুজার জুটির কাছে ৭-৫, ৬-৩ ফলাফলে হেরে যায় ইন্দো-ক্রোয়েশিয় জুটি। মহিলাদের বিভাগে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন গ্রিসের মারিয়া সাকারি। চতুর্থ রাউন্ডে টুর্নামেন্টের চতুর্থ বাছাই সোফিয়া কেনিনকে ৬-১, ৬-৩ ফলাফলে তিনি হারিয়েছেন। ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে টিউনিসিয়ার ওনস জাবেউরকে ৬-৩, ৬-১ ফলাফলে হারিয়েছেন আমেরিকার কোকো গাউফ।












Click it and Unblock the Notifications