Wimbledon: নির্বাসিত রাশিয়া, উইম্বলডনে নামার জন্য নাগরিকত্বই বদলে ফেললেন রুশ প্রতিযোগী
নির্বাসিত রাশিয়া, উইম্বলডনে নামার জন্য নাগরিকত্বই বদলে ফেললেন রুশ প্রতিযোগী
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসণ এবং বিনা প্ররোচনায় যুদ্ধের ধ্বংসলীলা চালিয়ে ছবির মতো গোছানো ইউক্রেনকে শ্মশানে পরিণত করেছে ভ্লাদিমির পুতিনের সরকার। রাশিয়ার এ হেন আচরণের বিরুদ্ধে গর্জে উঠে রাশিয়াকে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন সংস্থা নির্বাসিত করেছে, যার মধ্যে অন্যতম উইম্বলডন।

ঐতিহ্যশালী টেনিস প্রতিযোগীতার আয়োজক অল ইংল্যান্ড ক্লাব রুশ এবং রাশিয়ার সমর্থনকারী বেলারুশের প্রতিযোগীদের এ বারের উইম্বলডনে নিষিদ্ধ করেছে। এই পরিস্থিতিতে টেনিস বিশ্বের ঐতিহ্যশালী টুর্নামেন্টে নামার জন্য নিজের নাগরিকত্বই বদলে ফেললেন নাতেলা জালামিদজি। মহিলাদের ডবলসে বিশ্ব ক্রমতালিকায় ৪৪ নম্বরে স্থান করে নেওয়া ২৯ বছর বয়সী এই প্রতিযোগী গ্রহণ করেছে জর্জিয়ার নাগরিকত্ব। সার্বিয়ার প্রতিযোগী আলেক্সজান্ড্রা ক্রুনিকের সঙ্গে মহিলাদের ডবলসে নামবেন নাতেলা।
দ্য টাইমস'কে অল ইংল্যান্ড ক্লাবের মুখপাত্র জানিয়েছেন, জালামিদজি'র নাগরিকত্ব বদলে তাঁদের হস্তক্ষেপ করার কোনও অধিকার বা ক্ষমতা নেই। তাঁদের মতে, এটি মহিলা টেনিস অ্যাসোসিয়েশন এবং আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ব্যাপার। মুখপাত্রটি বলেছেন, "খেলোয়াড়দের নাগরিকত্ব বিচার হয় তাঁরা কোন দেশের পতাকার অধীনে খেলছে তার উপর।" উইম্বলডনে রাশিয়াকে নির্বাসিত করার ফলে উইম্বলডনে দেখা যাবে না ড্যানিল মেদভেদেভকেও। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় শীর্ষ স্থানে রয়েছে মেদভেদেভ এবং যুক্তরাষ্ট্র ওপেনের বিজয়ী তিনি। এই উইম্বলডনে দেখা যাবে না বেলারুশের মহিলা টেনিসের তারকা ভিক্টোরিয়া আজারিঙ্কাকে। দুই বার অস্ট্রেলীয় ওপেন জিতেছেন তিনি।
উইম্বলডন রাশিয়া বা বেলারুশের টেনিস তারকাদের ঐতিহ্যশালী প্রতিযোগীতায় খেলার ছাড়পত্র না দিলেও গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ওপেনের আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে নিউট্রাল ফ্ল্যাগের ব্যানারে খেলতে পারেন এই দুই দেশের প্রতিযোগীরা।












Click it and Unblock the Notifications