রাফায়েল নাদাল ফরাসি ওপেন ফাইনালে হারতে চান কেন? অবসর ঘোষণা নিয়ে তুঙ্গে জল্পনা
জন্মদিনে রাফায়েল নাদালকে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে দিয়েছে আলেকজান্ডার জেরেভের পায়ের চোট। সেমিফাইনাল চলাকালীন গুরুতর চোট পেয়ে ক্রাচে ভর দিয়ে কোর্ট ছাড়তে হয় জেরেভকে। ফাইনালের আগে স্বস্তিতে নেই নাদালও। ফরাসি ওপেনে কেরিয়ারের ১৪তম ফাইনালে নামার আগে যন্ত্রণাক্লিষ্ট রাফা বলছেন হেরে যাওয়ার চিন্তা রাফার।

চোটে কাবু
রাফায়েল নাদালকে ভোগাচ্ছে বাঁ পায়ের চোট। ক্লে কোর্টের রাজা ফের ইঙ্গিত দিলেন যে কোনও ম্যাচই তাঁর শেষ ম্যাচ হতে চলেছে। নাদাল বলেন, আমি আমার মত থেকে সরছি না। আমি ফাইনালে হেরে যেতেও রাজি। যদি আমি তার বিনিময়ে নতুন বাঁ পা পাই। সেটা পেলে আমার দৈনন্দিন জীবনে আর খুশির কিছু হতে পারে না। জিততে সব সময়ই ভালো লাগে। কিন্তু এটা ক্ষণস্থায়ী। এরপর জীবন অতিবাহিত করতে হয়। আমার জীবনে আগামী দিনে বন্ধুদের সঙ্গে খেলব। সেই আনন্দ যে কোনও খেতাব জেতার চেয়ে বেশি আনন্দ দেবে।
|
প্রশংসিত রাফা
বিশ্বের তিন নম্বর জেরেভ চোট পেয়ে হুইলচেয়ারে কাঁদতে কাঁদতে প্রথমে কোর্ট ছাড়েন। পরে ক্রাচ নিয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। জেরেভ এভাবে ছিটকে যাওয়ায় মন ভালো নেই নাদালের। তিনি বলেনস প্রতিটি মানুষই এমন অবস্থায় কাউকে দেখলে তাঁর খারাপ লাগবে। নাদাল যেভাবে সমবেদনা, সহানুভূতি জানিয়েছেন জেরেভের প্রতি তার প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, শোভা দে থেকে শুরু করে নানা ক্ষেত্রের বহু মানুষ। নাদাল বলেন, কোর্টের কোনও ত্রুটির কারণে চোট পাননি জেরেভ। এটা নিছকই দুর্ঘটনা। সেমিফাইনালে জেরেভ যে তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন সে কথা স্বীকার করে নেন রাফা। তিনি প্রার্থনা করছেন, জেরেভের চোট যেন গুরুতর না হয়।

অবসরের জল্পনা
এরই মধ্যে নাদালের অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। স্পেনের সংবাদমাধ্যমে প্রথিতযশা সাংবাদিক অ্যাঞ্জেল গার্সিয়া দাবি করেছেন, রবিবার ফরাসি ওপেন ফাইনাল খেলেই অবসর ঘোষণা করে দিতে পারেন নাদাল। বেশ কয়েক বছর ধরে পায়ের পাতার চোট তাঁকে ভোগাচ্ছে। প্রতিদিন চোটের জায়গায় ইঞ্জেকশন নিয়ে অবশ করে তিনি ফরাসি ওপেন খেলছেন। এমনকী এর আগেও ব্যথা কমানোর ওষুধের সাহায্য নিয়েই অনুশীলন চালাতে বাধ্য হচ্ছিলেন রাফা। নাদালের পায়ের হাড়ে নেক্রোসিস রয়েছে। সঠিকভাবে রক্ত সঞ্চালন না হওয়া টিস্যু শুকিয়ে যাচ্ছে। এটা সারাতে নাদালকে অস্ত্রোপচারও করাতে হবে। আর সে কারণেই ২১টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল দ্রুতই অবসর ঘোষণা করবেন বলে দাবি ওই সাংবাদিকের।

কী সমস্যা?
বিগত ২ বছর ধরে এই চোট সমস্যা ভোগাচ্ছে নাদালকে। কয়েক মাস কোর্টের বাইরে থেকেও সমস্যামুক্ত হতে পারছেন না। চিকিৎসার পরিভাষায় মুয়েলার-ওয়েইস পায়ের হাড়কে প্রভাবিত করছে। ২০০৫ সালে ১৯ বছর বয়স থেকেই এই সমস্যা নিয়েই খেলা চালিয়ে যেতে হচ্ছে তাঁকে। দুই পায়েই সমস্যা দেখা দিতে পারে এই ধরনের রোগে, তবে নাদালের সমস্যা রয়েছে শুধু বাঁ পায়ে। ইঞ্জেকশনে ব্যথা কমলেও পায়ের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে নাদালের। সে কারণেই নাদাল অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে দিতে পারেন।

২২তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সামনে
রাফায়েল নাদাল কাল ফরাসি ওপেন ফাইনালে নামবেন এই খেতাব জয়ের সংখ্যা বাড়িয়ে ১৪ করার লক্ষ্যে। ২০০৫ থেকে ২০০৮, ২০১০ থেকে ২০১৪, ২০১৭ থেকে ২০২০ সাল অবধি টানা ফরাসি ওপেন খেতাব জিতেছেন নাদাল। ২০০৯ ও ২০২২ সালে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। ২০০৮ ও ২০১০ সালে জেতেন উইম্বলডন। ২০১০, ২০১৩, ২০১৭ ও ২০১৯ সালে জিতেছেন ইউএস ওপেন। বিশ্বের ১ নম্বর নোভাক জকোভিচকেও এবার ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে হারান নাদাল।












Click it and Unblock the Notifications