Australian Open: দর্শকদের ‘কোথায় পেং শুয়াই’ টি-শার্ট পরতে বাধা, আয়োজকদের আচরণে ‘আহত’ মার্টিনা নাভ্রাতিলোভা
দর্শকদের ‘কোথায় পেং শুই’ টি-শার্ট পরতে বাধা, আয়োজরদের আচরণে ‘আহত’ মার্টিনা নাভরাতিলোভা
অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন টেনিস নক্ষত্র মার্টিনা নাভ্রাতিলোভা। রবিবার একদশ সমর্থক "হোয়্যার ইজ পেং শুই?" লেখা টি-শার্ট পরে মেলবোর্ন পার্কে এলে তাঁদের সেই টি-শার্ট খোলার নির্দেশ দেন অজি ওপেনের নিরাপত্তার দায়িত্বে থাকার আধিকারিকরা। এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর যদিও পরিস্থিতি সামাল দিতে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের আয়োজকদের তরফ থেকে বলা হয়েছে "পেং শুয়াই আমাদের প্রাথমিক ইস্যু।"

চলতি অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করেননি মহিলাদের ডবলসে বিশ্ব টেনিসের প্রাক্তন এক নম্বর তারকা। তিনি কোথায় আছেন, কেমন আছেন তা নিয়ে স্বভাবতই চিন্তিত টেনিস প্রেমীরা। ২ নভেম্বর চিনের কমিউনিস্ট পার্টির নেতা তথা দেশের প্রাক্তন ভাইস প্রিমিয়ার ঝাং গাওলির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন শুয়াই। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের পর থেকে তিন সপ্তাহ তাঁর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে সাধারণের সামনে এসে টেনিস সার্কিটকে সব ধরনের চিন্তা থেকে অব্যহতি দেন পেং শুয়াই। এখনও অনেকেই মনে করেন পুরোপুরি ভাবে হয়তো মুক্ত নন শুয়াই।
এই কৃতী তারকার সমর্থনে যে টি-শার্ট পরে এসেছিল সমর্থকেরা তা তাঁদের খুলতে বাধ্য করার ঘটনাকে এক হাত নিয়ে নাভ্রাতিলোভা টুইট করে লিখেছেন, "এইটা মর্মান্তিক। এই বিষয়ে একাকী পড়ে মহিলা টেনিস অ্যাসোসিয়েশন।" হ্যাশট্যাগ ব্যবহার করে তিনিও লেখেন, "হোয়ার ইজ পেং শুয়াই।"
মহিলা টেনিস অ্যাসোসিয়েশন শুরু থেকে এই ঘটনায় পেং শুয়াইয়ের পাশে রয়েছে। তাঁর পক্ষে সাওয়াল করে একের পর এক পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। যতক্ষণ না পেং শুয়াই'কে সরাসরি সম্মুখে না দেখা যাচ্ছে ততদিন চিনের মাটিতে সব রকম প্রতিযোগীতা বন্ধ করার যে সিদ্ধান্ত মহিলা টেনিস অ্যাসোসিয়েশন নিয়েছিল তাকে সমর্থন করেছে গোটা বিশ্ব।
ফরাসি টেনিস তারকা নিকোলাস মাহুত টুইটারে জানিয়েছেন, আয়োজকরা কর্পোরেট স্পনসরদের অনুগত ছিলেন, তাই এমন সিদ্ধান্ত। তিনি টুইটে লিখেছে, "কী হচ্ছে! কোথায় সাহসের অভাব হচ্ছে? যদি চিনা বিনিয়োগকারী না থাকে তো কী হবে?" অস্ট্রেলিয়ান ওপেনের অন্যতম স্পনসর চিনা সংস্থা লুঝাউ লাওজিয়াও। টেনিস অস্ট্রেলিয়া বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের জন্য যেই টিকিট ছাপিয়েছে তাতে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে, "আমরা কোনও প্রকার রাজনৈতিক বা বাণিজ্যিক ব্যানার বা সেই সংক্রান্ত কোনও প্রচারের অনুমতি দিই না।" প্রতিযোগীতার এক মুখপাত্র বলেন, "পেং শুয়াইয় আমাদের প্রাথমিক চিন্তার জায়গা।ওর পরিস্থিতি এখন কী, কোন অবস্থায় রয়েছে তা জানার জন্য মহিলা টেনিস অ্যাসোসিয়েশন এবং টেনিস কমিউনিটির সঙ্গে এক সঙ্গে কাজ করবো আমরা। "












Click it and Unblock the Notifications