১৮ মাসের দীর্ঘতম ম্যাচ জিতেও ফরাসি ওপেন ছাড়ার ভাবনা রজার ফেডেরারের
১৮ মাসের সবচেয়ে লম্বা ম্যাচ জিতে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে রজার ফেডেরার
হাঁটুর চোট ফের চাগার দেওয়ায় ফরাসি ওপেন না খেলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন রজার ফেডেরার। জেনেভা ওপেনের শেষ ষোলো রাউন্ডের লড়াই থেকে ছিটকেও গিয়েছিলেন কিংবদন্তি। তবু আচমকাই যে কোথা থেকে মনে বল পেয়েছিলেন, তা নিজেই জানেন না রজার। ফরাসি ওপেন খেলতে নেমেই পড়েছিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ১৮ মাসে নিজের সবচেয়ে দীর্ঘ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ জিতে নিজেকে প্রমাণও করলেন ফেডেরার। পৌঁছে গেলেন ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে। তবু প্রতিযোগিতা থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়ে টেনিস ফ্যানদের হতাশই করলেন রজার।

প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে জার্মানির অখ্যাত ডোমিনিক কোয়েফেরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রজার। সেই অবাছাই প্রতিযোগীর কাছ থেকে যে এত বেগ পেতে হবে, তা হয়তো অনুমান করতে পারেননি সুইস তারকা। ম্যাচের প্রথম সেট জিততেই কালঘাম ছুটে যায় ফেডেরারে। টাইব্রেকারে মোকাবিলার নিষ্পত্তি ঘটে। ৭-৬(৭-৫) ফলাফলে প্রথম সেট জেতেন রজার। দ্বিতীয় সেটেও দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষে ওই মোকাবিলা হেরেই যান ফেডেরার। ৭-৬(৭-৩) ফলাফলে দ্বিতীয় সেটে জয় হাসিল করেন ডোমিনিক।
নিজের সব অভিজ্ঞতা প্রয়োগ করে তৃতীয় সেটে দুর্দান্তভাবে ফিরে আসেন রজার ফেডেরার। সেই মোকাবিলারও টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি ঘটে। ৭-৬(৭-৪) ফলাফলে সেই সেট জেতেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। চতুর্থ সেটে স্বমহিমায় ফিরে আসেন রজার। পরিচিত ফোর হ্যান্ড, ব্যাক হ্যান্ড, ডাউন দ্য লাইনে ক্লে কোর্টে ফুল ফোটান কিংবদন্তি। ৭-৫ গেমে চতুর্থ সেট জেতার পাশাপাশি ম্যাচও জেতেন ফেডেরার। ৩ ঘণ্টা ৩৫ মিনিটের এ লড়াই দেখে মুগ্ধ হয়েছে টেনিস বিশ্ব। ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে ইতালির মাত্তেও বেরাট্টিনির বিরুদ্ধে খেলতে নামার কথা সুইস তারকা।
এই দুর্ধর্ষ ম্যাচ জয়ের পর টেনিস প্রেমীদের যন্ত্রণা দেওয়ার মতো খবর শোনালেন রজার। জানালেন যে জোর করে কোর্টে নেমে তিনি নিজের চোটগ্রস্ত হাঁটুর ওপর চাপ প্রয়োগ করছেন। আগামী দিনে এর ফল মারাত্মক হতে পারে ভেবেই তিনি ফরাসি ওপেন থেকে সরে যেতে পারেন বলে আভাস দিয়েছেন কিংবদন্তি। অর্থাৎ টুর্নামেন্টের শেষ ষোলো রাউন্ডের লড়াইয়ে ফেডারারকে দেখা না গেলে অবাক হওয়ার কোনও কারণ থাকবে না।
অন্যদিকে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন নোভাক জকোভিত, রাফায়েল নাদাল, ড্যানিল মেদভেদেভ, স্টোফানোস সিটসিপাস এবং আলেকজান্ডার জেরেভের মতো বিশ্ব টেনিসের শীর্ষ সারির তারকারা। ফলে এই রাউন্ডে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা অনায়াসে বলে দেওয়া যায়।












Click it and Unblock the Notifications