সংবাদমাধ্যম বয়কট নিয়ে ওসাকার মাথায় বহিষ্কারের খাঁড়া, বিরোধী টুইট মুছল ফরাসি ওপেন
নাওমি ওসাকার 'প্রেস ব্ল্যাকআউট' সংক্রান্ত পোস্ট টুইটার থেকে মুছল ফরাসি ওপেন
নিয়ম ভাঙার কারণে চলতি ফরাসি ওপেন থেকে বহিষ্কার করা হতে পারে নাওমি ওসাকাকে। তাঁর 'প্রেস ব্ল্যাকআউট' বিরোধী পোস্ট টুইটার থেকে ইতিমধ্যেই মুছে ফেলেছে টুর্নামেন্ট কমিটি। রোঁলা গারোয় প্রথম রাউন্ডের ম্যাচ জেতার পর সাংবাদিক বৈঠকে অংশ না নেওয়ার জন্য জাপানের টেনিস তারকাকে মোটা অঙ্কের আর্থিক জরিমানার কবলেও পড়তে হয়েছে। ওসাকার সমালোচনায় সরব হয়েছেন খোদ ফরাসি টেনিস ফে়ডারেশনের প্রেসিডেন্ট গিলেস মরেটন।

ওসাকার সংবাদমাধ্যমকে বয়কট করার সিদ্ধান্ত টেনিস বিশ্বে আলোড়ন তৈরি করেছে। ফরাসি ওপেন ও গ্র্যান্ড স্ল্যাম কর্তৃপক্ষ তো বটেই, জাপানি তারকার 'প্রেস ব্ল্যাকআউট' নিয়ে চর্চা শুরু হয়েছে টেনিস মহলে। কেউ ওসাকার সিদ্ধান্ত সমর্থন করেছেন, তো কেউ ভর্ৎসনা করেছেন। এ সংক্রান্ত এক টুইট ফরাসি ওপেনের অ্যাকাউন্টে পোস্ট করেন কোনও এক টেনিসপ্রেমী। যেখানে ওসাকার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয়। পোস্টটি পরে মুছে ফেলেছে টুর্নামেন্ট কমিটি। বক্তব্য, কোনও খেলোয়াড়ের মনে অপরাধবোধ তৈরি করা উচিত নয়।
ফরাসি ওপেনের প্রথম দিনই ক্লে কোর্টে নেমে পড়েছিলেন নাওমি ওসাকা। প্রথম রাউন্ডে বিশ্বের দুই নম্বর টেনিস তারকার প্রতিদ্বন্দ্বী ছিলেন রোমানিয়ার প্যাট্রিকা মারিয়া টিগকে ৬-৪ ও ৭-৬(৪) ফলাফলে হারান বিশ্বের দুই নম্বর মহিলা টেনিস তারকা। ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান ওসাকা। ম্যাচ শেষে টুর্নামেন্টের রীতি ভেঙে নিজের কথামতো সাংবাদিক বৈঠক এড়িয়ে যান জাপানি টেনিস তারকা। এর জন্য ওসাকাকে ১৫ হাজার ডলার জরিমানা করা হয়। তা সত্ত্বেও নিজের অবস্থান থেকে নড়তে রাজি হননি ওসাকা।
বিশ্বের দুই নম্বর টেনিস তারকার নীতি বিরোধী আচরণে ক্ষুব্ধ হয়েছেন খোদ ফরাসি টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট গিলেস মরেটন। ফরাসি ওপেনের আয়োজক কমিটি ও গ্র্যান্ড স্ল্যাম কর্তৃপক্ষের সঙ্গে তাঁর এই ইস্যুতে আলোচনাও হয়েছে। এরপর এক বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে নিয়ম ভাঙার দায়ে এবার আরও বড় শাস্তির মুখে পড়তে হতে পারে নাওমি ওসাকাকে। তাঁকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য কোনও ম্যাচের পর টেনিস খেলোয়াড়দের সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়াটা গ্র্যান্ড স্ল্যাম বিধির মধ্যে বাধ্যতামূলকভাবে অন্তর্ভূক্ত রয়েছে। ফরাসি ওপেনে সেই বিধি মানতে রাজি হননি নাওমি ওসাকা। জানিয়েছিলেন যে মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই তিনি টুর্নামেন্ট চলাকালীন সংবাদমাধ্যমের সঙ্গে কোনও যোগাযোগ রাখতে চান না।












Click it and Unblock the Notifications