Iga Swiatek: ফরাসি ওপেন খেতাব ফের ইগার দখলে, ফাইনালে দাপট নিয়েই হ্যাটট্রিক
Iga Swiatek: ফের ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতলেন ইগা শিয়নটেক। বিশ্বের ১ নম্বর তারকা এই নিয়ে টানা তিনবার এই খেতাব দখলে নিলেন।
কেরিয়ারে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতার পথে ফাইনালে ইগা হারালেন দ্বাদশ বাছাই জেসমিন পাওলিনিকে। তিনি এবারই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্য়ামের ফাইনালে উঠেছিলেন।

পোল্যান্ডের ইগা এদিন ১ ঘণ্টা ৮ মিনিটের লড়াইয়ে ইতালির পাওলিনিকে হারালেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-২, ৬-১। মনিকা সেলেস ও জাস্টিন এনা আর্দেনের পর ইগাই ওপেন এরায় প্রথম টেনিস খেলোয়াড় যিনি টানা তিনবার ফরাসি ওপেন সিঙ্গলস খেতাব করায়ত্ত করলেন।
১৯৯০ থেকে ১৯৯২ অবধি টানা জিতেছিলেন সেলেস। এনা জেতেন ২০০৫ থেকে ২০০৭ অবধি। এই নিয়ে চারবার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন ইগা। জিতলেন পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম খেতাব। সেরেনা উইলিয়ামসের পর আর কেউ কোনও গ্র্যান্ড স্ল্যামের মহিলা সিঙ্গলস খেতাব টানা তিনবার জেতেননি। যা গত ১০ বছরে হলো এই প্রথম।
উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৪ অবধি টানা সেরেনা ইউএস ওপেনের মহিলা সিঙ্গলস খেতাব জিতেছিলেন। ফরাসি ওপেনে সবচেয়ে বেশি ৭ বার মহিলা সিঙ্গলস জিতেছেন ক্রিস এভার্ট। তাঁর সঙ্গে ব্যবধানও কমালেন ইগা। ফরাসি ওপেন খেতাব ইগা জিতলেন এই টুর্নামেন্টে টানা ২১টি ম্যাচ জিতে।
ফরাসি ওপেনে টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির রয়েছে এভার্টের। সেলেস ২৫টি ও এনা আর্দেন ২৪টি ম্যাচ টানা জিতেছেন। গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পাঁচে পাঁচ করার নজির গড়ে ইগা নাম লেখালেন মার্গারেট কোর্ট ও মনিকা সেলেসের পাশে (ওপেন এরা-য়)। এদিনের জয়ে সুনিশ্চিত হলো ১০৭ সপ্তাহ ধরে WTA Rankings-এ শীর্ষস্থানে থাকার বিষয়টি।
রোলাঁ গারোয় চতুর্থবার চ্যাম্পিয়ন হয়ে এনা আর্দেনের রেকর্ড ভেঙে দিলেন ইগা। তাঁর বয়স ২৩। এনা আর্দেন চতুর্থ ফরাসি ওপেন খেতাব জিতেছিলেন ২৫ বছর বয়সে। পাওলিনির বিরুদ্ধে ফাইনালে প্রথমে পিছিয়ে পড়লেও দ্রুতই ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে যান ইগা। একবারই সার্ভিস ব্রেক করেন পাওলিনি, তারপর আর সেভাবে লড়াই দিতে পারেননি।
প্রথম সেটে দু-বার সার্ভ ব্রেক করেন ইগা। দ্বিতীয় সেটে আরও বেশি দাপট দেখান। একটা সময় তো ৫-০ ব্যবধানে এগিয়ে যান। পাওলিনি এরপর নিজের সার্ভ ধরে রাখলেও ম্যাচ জেতার জন্য প্রয়োজনীয় চ্যালেঞ্জ ছুঁড়তেই পারেননি। উল্লেখ্য, ২০২২ সালে ইউএস ওপেন খেতাব জিতেছিলেন ইগা।












Click it and Unblock the Notifications