ফরাসি ওপেনে সহজ প্রতিপক্ষ জকোভিচের, কঠিন লড়াইয়ে বিশ্বের ১ নম্বর আলকারাজ
ফরাসি ওপেনে এবার জৌলুস অনেকটাই কমে গিয়েছে ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল সরে দাঁড়ানোয়। স্বাভাবিকভাবেই নোভাক জকোভিচের সঙ্গে পুরুষদের সিঙ্গলসে নজর থাকবে বিশ্বের ১ নম্বর কার্লোস আলকারাজের দিকে।
ক্রীড়াসূচি প্রকাশের পর দেখা যাচ্ছে সেমিফাইনাল অবধি তেমন বেগ পেতে হবে না ২০২১ সালের চ্যাম্পিয়ন জকোভিচকে। তবে কঠিন প্রতিপক্ষদের সামলে এগোতে হবে আলকারাজকে।

আলকারাজ একবারও জেতেননি ফরাসি ওপেন। গত বছর পৌঁছেছিলেন কোয়ার্টার ফাইনাল অবধি। নাদাল না থাকায় আলকারাজকে এবার অনেকেই ফেভারিট হিসেবে ধরছেন। আলকারাজ চলতি বছর ক্লে কোর্টে মাদ্রিদ ও বার্সেলোনা ওপেন-সহ তিনটি খেতাব জিতেছেন।
প্রথম রাউন্ডে আলকারাজ খেলবেন যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা প্লেয়ারের বিরুদ্ধে। আলকারাজ, জকোভিচদের সঙ্গে একই অর্ধে রয়েছেন ২০২১ সালের রানার-আপ স্তেফানোস সিটসিপাস, লোরেঞ্জো মুসেত্তি, ফেলিক্স অগার-আলিয়াসিমের মতো প্লেয়াররা। সেমিফাইনালে আলকারাজ-জোকার দ্বৈরথ হতে পারে।
জকোভিচ এবার ফরাসি ওপেনে নামবেন তৃতীয়বার খেতাব জয়ের লক্ষ্যে। সবকিছু ঠিকঠাক চললে কোয়ার্টার ফাইনালে জকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ সপ্তম বাছাই আন্দ্রে রুবলেভ। ফরাসি ওপেন খেতাব জিতে রাফায়েল নাদালকে পিছনে ফেলে ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ পাচ্ছেন জোকার।

সম্প্রতি জকোভিচ অবশ্য ক্লে কোর্টে ছন্দে নেই। চলতি বছর একটিও ক্লে কোর্টের খেতাব জিততে পারেননি। কোয়ার্টার ফাইনালে আলকারাজকে খেলতে হতে পারে সিটসিপাসের বিরুদ্ধে। হলগার রুনের শেষ আটের প্রতিপক্ষ হতে পারেন ক্যাসপার রুড। জানিক সিনারের মুখোমুখি হতে পারেন দানিল মেদভেদেভ।

বিশ্বের ২ নম্বর মেদভেদেভ প্রথম রাউন্ডে খেলবেন কোয়ালিফায়ারের বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালের আগে রুড বা রুডের বিরুদ্ধে খেলতে হতে পারে। চলতি মাসে ক্লে কোর্টে প্রথম খেতাব মেদভেদেভ জিতেছেন ইতালিয়ান ওপেনে। রুনে মিউনিখ খেতাব জিতেছেন চলতি মরশুমে। মন্টি কার্লো ও রোমে ফাইনালেও ওঠেন।
১৯৮৩ সালের পর ফ্রান্সের কেউ ফরাসি ওপেন খেতাব জিততে পারেননি। এবার কে জেতেন তার উত্তর মিলবে জুনের ১১ তারিখ।












Click it and Unblock the Notifications