ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন রজার ফেডেরার, কেরিয়ার নিয়ে অনিশ্চয়তা
আশঙ্কা সত্যি করে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন রজার ফেডেরার। এদিন এক বিবৃতিতে তিনি আয়োজকদের জানিয়েছেন, আমার টিমের সঙ্গে কথা বলেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।

হাঁটুতে দুটি অপারেশনের পর দীর্ঘ সময় খেলতে কষ্টই হচ্ছিল ফেডেক্সের। সেই কারণেই গতকাল তৃতীয় রাউন্ডের ম্যাচ জেতার পরই ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। করোনা পরিস্থিতিতে দর্শকাসন খালি করে দেওয়া হচ্ছে রাত ৯টার মধ্যেই। দর্শকশূন্য স্টেডিয়ামে গতকালই সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা চার সেটের লড়াই ফেডেরার জেতেন ডমিনিক কোয়েফারকে হারিয়ে। দ্বিতীয় সেটটি হেরে গিয়েছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তথা বর্তমানে আট নম্বর তারকা। খেলার ফল ছিল ৭-৬(৫), ৬-৭(৩), ৭-৬(৪), ৭-৫। দু-বার অস্ত্রোপচারের পর ফেডেরারের ডান হাঁটু এত ম্যারাথন ম্যাচের চাপ সহ্য করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। প্যারিসে স্থানীয় সময় রাত একটায় খেলা শেষের পর ফেডেরারও ম্যাচের শেষে জানিয়েছিলেন, ফরাসি ওপেন খেলতে পারবেন কিনা তা তিনি জানিয়ে দেবেন চতুর্থ রাউন্ডের আগেই। আগামীকাল চতুর্থ রাউন্ডে ফেডেরারের খেলার কথা ছিল মাতেও বারেত্তিনির বিরুদ্ধে।

তার আগে, আজই আয়োজকদের তরফে প্রকাশ করা বিবৃতিতে ফেডেরার জানিয়েছেন, ডান হাঁটুতে দুটি অস্ত্রোপচার ও তারপর এক বছর ধরে রিহ্যাব চলার পর শরীরের অবস্থা বুঝে চলাটাই গুরুত্বপূর্ণ। সুস্থতার পথে কোনও তাড়াহুড়ো করতে চাইছি না। ফরাসি ওপেনে তিনটি ম্যাচ জিততে পেরে আমি সন্তুষ্ট। কোর্টে ফেরার আনন্দের সঙ্গে আর কোনও কিছুরই তুলনা চলে না।
PRESS RELEASE#RolandGarros pic.twitter.com/dYgPxLvovR
— Roland-Garros (@rolandgarros) June 6, 2021
ফেডেরারের সরে দাঁড়ানোয় মন খারাপ ফরাসি ওপেনের আয়োজকদের। তাঁদের তরফেও বাকি মরশুমের জন্য ফেডেরারকে শুভেচ্ছা জানানো হয়েছে। টেনিস ভক্তরা অপেক্ষায় থাকবেন উইম্বলডনের জন্য। যদিও ফেডেরারের পক্ষে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জেতা সম্ভব কিনা সেই প্রশ্নও উঠছে টেনিস মহলে।












Click it and Unblock the Notifications