মা হওয়া মুখের কথা নয়, সেরেনাকে বার্তা দিলেন ক্লিস্টার্স
নিজে সন্তানের জন্ম দিয়ে সার্কিটে ফিরে গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। কিন্তু সন্তানের জন্ম দেওয়ার পর সার্কিটে ফেরা কতটা চ্যালেঞ্জ জানেন কিম ক্লিস্টার্স। কী পরামর্শ তিনি দিলেন হবু মা সেরেনাকে।
কিম ক্লিস্টার্স -যাঁকে টেনিস মহলে মাদার অফ অল কামব্যাক বলে জানা যায়। তিনি মনে করছেন মা হওয়ার পর সার্কিটে ফেরা সহজ নয়। সন্তান জন্মানোর ১৮ মাসের মধ্যে ইউএস ওপেন টুর্নামেন্ট জিতে টেনিস দুনিয়াকে চমকে দিয়েছিলেন তিনি। কেরিয়ারে চারটি গ্র্যান্ডস্ল্যামের তিনটিই জিতেছিলেন সন্তান জন্মানোর পর।

এরকম দুরন্ত পারফরমেন্স দেওয়া বেলজিয়ান টেনিস তারকার মতে এইভাবে মাতৃত্বের পর ফিরে আসাটা সহজ নয়। তিনি বলেছেন সেরেনা ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জিতে এখন মা হয়েছেন। ফলে তাঁর মাতৃত্বের অভিজ্ঞতা আলাদা হবে। ক্লিস্টার্সের মতে প্রতিটা মাতৃত্ব নিজের মত করে ইউনিক। তবে কঠিন হলেও একইরকম দাপটের সঙ্গে সার্কিটে ফিরবেন সেরেনা আশাবাদী প্রাক্তন টেনিস তারকা।
ক্লিস্টার্স জানিয়েছেন সন্তান হওয়ার পর ট্যুরে সবসময় তাঁর সঙ্গে তাঁর স্বামী যেতেন এবং সন্তানের সব দায়িত্ব পালন করতেন। পরিবারের থেকে বিশাল সমর্থন পেয়েছিলেন তিনি। এই ধরণের পারিবরিক সহযোগিতাই তাঁকে খেলায় ফিরতে সাহায্য করেছিল।

এদিকে সেরেনার প্রশংসা করে বেলজিয়ান টেনিস কন্যা বলেছেন, জানুয়ারিতে সন্তানসম্ভবা অবস্থায় যেভাবে সেরেনা একটিও সেট না খুইয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন, তাতে এটা বলাই যায় ঠিক একইভাবে সার্কিটে ফিরবেন সেরেনা উইলিয়ামস।












Click it and Unblock the Notifications