French Open: নয়া ইতিহাস তৈরি করে ফরাসি ওপেনের ফাইনালে গফ, রোলাঁ গারো-এ খেতাব জিতলে স্পর্শ করবেন শারাপোভার নজির
নয়া ইতিহাস তৈরি করে ফরাসি ওপেনের ফাইনালে গফ, রোলাঁ গারো-এ খেতাব জিতলে স্পর্শ করবেন শারাপোভার নজির
মার্টিনা ট্রেভিসন'কে স্ট্রেট সেটে পরাজিত করে ফরাসি ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন কোকো গফ। আমেরিকার উঠতি টেনিস তারকা ৬-৩, ৬-১ ব্যবধানে পরাজিত করেন ইতালির মার্টিনা ট্রেভিসনকে।

দুই প্রতিযোগী গফ এবং ট্রেভিসন- উভয় প্রতিযোগীই এই ম্যাচে অত্যন্ত নার্ভাস ছিলেন। কারণ উভয়ই কেরিয়ারের প্রথম মেজর সেমিফাইনালে কোর্টে নেমেছিল। ১৮ বছরে কনিষ্ঠতম টেনিস খেলোয়াড় হিসেবে এ দিন কোকো গফ ফাইনালে পৌঁছলেন। ২০০৪ সালে এর আগে কম বয়সে উইম্বলডন জিতেছিলেন মারিয়া শারাপোভা। এ দিন ম্যাচ জিতে আনন্দে এবং উত্তেজনায় শব্দ হারিয়ে ফেলেন কোকো গফ। তিনি ফাইনালে পৌঁছে বলেন, "আমার মনে হয় এই মুহূর্তে উত্তেজনায় বাকবুদ্ধ হয়ে গিয়েছি আমি। ম্যাচের পরে কী ভাবে রিয়্যাক্ট করবে বুঝতে পারছি না। আমি ভাষা হারিয়ে ফেলেছি।"
গ্যালারি ভর্তি দর্শকের সামনে দ্বিতীয় সেটে গফ দুর্দান্ত টেনিস উপহার দেওয়ার আগে প্রথম সেটে এই দুই প্রতিযোগী মোট ৩৭টি আনফোর্স এরর করেন। শনিবার ফরাসি ওপেনের ফাইনালে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় ইগা সুয়াটেকের মুখোমুখি হবেন গফ। শেষ ৩৪ ম্যাচে অপরাজিত থাকা সুয়াটেকের সামনে শনিবার রোলাঁ গারোর ফাইনালে কঠিনতম লড়াইয়ের সম্মুখীন হতে চলেছেন গফ। পোল্যান্ডে খেলোয়াড়কে ওই ম্যাচে হারাতে পারলে তিনি যেমন সুয়াটেকের দীর্ঘ অপরাজিত স্ট্রিক ভেঙে দিতে পারবেন, তেমনই প্রথম বার রোলাঁ গারোয় ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করবেন। অপর দিকে, সুয়াটেক জিতলে এটি তাঁর দ্বিতীয় ফরাসি ওপেন খেতাব হবে। তবে, কোকো গফ যদি জিততে পারেন তা হলে মারিয়া শারাপোভার পর ফের কোনও কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জিতবেন। ১৮ বছর আগে মারিয়া শারাপোভা কনিষ্ঠতম টেনিস তারকা হিসেবে লন্ডনে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। শনিবার মহিলাদের ফাইনালে মুখোমুখি হবেন কোকো গফ এবং ইগা সুয়াটেক।












Click it and Unblock the Notifications