ফরাসি ওপেনের শেষ আটে বোপান্নারা, সিঙ্গলসে এগোচ্ছেন বাছাইরাও
ফরাসি ওপেনের ডাবলসে ক্রোয়েশিয়ার পার্টনার ফ্রাঙ্কো স্কুগরকে নিয়ে রোহন বোপান্না পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। প্রি কোয়ার্টারে অবশ্য বোপান্নারা ওয়াকওভার পেলেন। পুরুষদের সিঙ্গলসে এগোচ্ছেন বাছাইরা। কোয়ার্টার ফাইনালে পরস্পরের মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ ও পঞ্চম বাছাই স্তেফানো সিতসিপাস।

রোহন বোপান্নাদের আজ ডাবলসে প্রি কোয়ার্টার ম্যাচ ছিল মিদেলকুপ-আরেভালো জুটির বিরুদ্ধে। প্রতিপক্ষ না খেলতে নামায় ওয়াকওভার পায় বোপান্না-স্কুগর জুটি। দ্বিতীয় রাউন্ডে তিয়াফো-মনরোর মার্কিন জুটিকে স্ট্রেট সেটে হারিয়েছিলেন বোপান্নারা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাঁদের প্রতিপক্ষ পাবলো আন্দুজার ও পেদ্রো মার্তিনেজের স্প্যানিশ জুটি। ৪১ বছরের বোপান্নার ব্যৃাঙ্কিং এখন ৪০। দ্বিভিজ শরণ ফরাসি ওপেনে হতাশ করায় এখন বোপান্নার লক্ষ্য যত বেশি সংখ্যক পয়েন্ট সংগ্রহ করা। কম্বাইন্ড ব্যৃাঙ্কিং পয়েন্ট বিচার্য হবে টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্র পাওয়ার জন্য। ১০ জুন যে ব্যৃাঙ্কিং প্রকাশিত হবে তার উপরই নির্ভর করবে বোপান্না-শরণ অলিম্পিক্সে নামতে পারবেন কিনা। এখনও অবধি ডাবলসে সানিয়া মির্জা অলিম্পিক্সে ডাবলসে নামার টিকিট পেয়েছেন। তিনি সম্ভবত জুটি বাঁধবেন অঙ্কিতা রায়নার সঙ্গে।

এদিকে, ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসে এগোচ্ছেন বাছাইরাও। দ্বিতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ এদিন প্রি কোয়ার্টারে হারালেন ২২তম বাছাই ক্রিশ্চিয়ান গ্যারিনকে। উচ্চমানের খেলা উপহার দিয়ে ২ ঘণ্টা ৪ মিনিটের লড়াই তিনি জিতলেন ৬-২, ৬-১, ৭-৫ সেটে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাঁর প্রতিপক্ষ পঞ্চম বাছাই স্তেফানো সিতসিপাস।

স্প্যানিশ সিতসিপাস আজ প্রি কোয়ার্টারে হারিয়েছেন দ্বাদশ বাছাই পাবলো ক্যারেনো বুস্তাকে। সময় নিয়েছেন ২ ঘণ্টা ৭ মিনিট। খেলার ফল ৬-৩, ৬-২, ৭-৫। চলতি বছরে এই নিয়ে ক্লে কোর্টে ২০তম জয় পেলেন তিনি।












Click it and Unblock the Notifications