বিয়ন বর্গ অপেক্ষা করলেন না মুখ্যমন্ত্রীর জন্য! সংবর্ধনা অনুষ্ঠান বাতিল
বিয়ন বর্গের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে গিয়েও বাতিল করলেন আয়োজকরা। কর্নাটকের মুখ্যমন্ত্রী দেরি করায় বেরিয়ে যান টেনিস কিংবদন্তি।
টেনিস কিংবদন্তি বিয়ন বর্গ স্ত্রী প্যাট্রিসিয়া ও পুত্র লিওকে নিয়ে এসেছে ভারতে। বেঙ্গালুরুতে আজ তাঁকে সংবর্ধিত করার পরিকল্পনাও করা হয়েছিল। যদিও সেই সংবর্ধনা অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন বর্গ। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সংবর্ধনা অনুষ্ঠানে যেতে দেরি করাতেই এই বিপত্তি।

কর্নাটক লন টেনিস অ্য়াসোসিয়েশনের কোর্টে চলছে এটিপি চ্যালেঞ্জার ইভেন্ট বেঙ্গালুরু ওপেন। তাতে অংশ নিয়েছিলেন বর্গের পুত্র লিও। কিংবদন্তি টেনিস তারকাকে তাই সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হয় আজ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিয়ন বর্গ যথাসময়েই উপস্থিত হন। বিজয় অমৃতরাজের উপস্থিতিতে বর্গের সংবর্ধনা অনুষ্ঠানের সময় ধার্য হয়েছিল সকাল সাড়ে ৯টায়। বর্গ সেরিমনি হলে দুবার প্রবেশ করেন। কিন্তু আয়োজকরা সময় না মানায় শেষ অবধি সংবর্ধনা অনুষ্ঠান ছেড়ে চলে যান তিনি।
অবশেষে সকাল ১১টা নাগাদ কেএসএলটিএ কোর্টে উপস্থিত হন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। মুখ্যমন্ত্রী দফতর সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত সময়েই মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন। তাঁর যে সূচি তাতেও ওই সময়েরই উল্লেখ ছিল। ফলে বোঝাই যাচ্ছে, আয়োজকদের পরিকল্পনায় কোনও খামতি বা ভুল বোঝাবুঝি থাকতে পারে। কিন্তু বিয়ন বর্গ বরাবরই সোজাসাপটা কথা বলে থাকেন, সময়ানুবর্তিতার ক্ষেত্রেও যথেষ্ট সচেতন।
সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা শেষ পর্যন্ত। মুখ্যমন্ত্রী বোম্মাই কিছুক্ষণ খেলা দেখেন। তখন অপর প্রান্তে বসে বিয়ন বর্গ। ১৯ বছরের পুত্র লিও এদিন প্রথম রাউন্ডেই স্ট্রেট সেটে হেরে যান। ম্যাচের পর বোম্মাইয়ের কথা হয় বর্গ ও অমৃতরাজের সঙ্গে। গতকাল অমৃতরাজের আয়োজন করা ডিনারে কেএসএলটিএ-র হল অব ফেমে তাঁর ছবিতে সইও করেন বর্গ।












Click it and Unblock the Notifications