অস্ট্রেলিয়ান ওপেনে মেদভেদেভকে হারিয়ে অঘটন টিয়েনের, মায়ের পেশার সঙ্গে মিল নামে
Australian Open 2025: অস্ট্রেলিয়ান ওপেন বৃহস্পতিবার সাক্ষী থাকল বড় অঘটনের। তিনবারের ফাইনালিস্ট দানিল মেদভেদেভকে বিদায় নিতে হলো পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ড থেকে।
নানাবিধ নজির গড়ে স্মরণীয় জয় ছিনিয়ে নিলেন মার্কিন টিনএজার লার্নার টিয়েন। কোয়ালিফায়ার থেকে মূলপর্বে উঠে আসা ১৯ বছরের টিয়েন শেষ হাসি হাসলেন প্রায় ৫ ঘণ্টা ধরে চলা দ্বৈরথে।

এবারের অস্ট্রেলিয়ান ওপেনের পঞ্চম বাছাই রাশিয়ার মেদভেদেভকে মার্গারেট কোর্ট অ্যারেনায় টিয়েন হারালেব ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৭ (৮-১০), ১-৬, ৭-৬ (১০-৭) সেটে। ১৯৯০ সালে পিট সাম্প্রাসের পর সর্বকনিষ্ঠ মার্কিন টেনিস প্লেয়ার হিসেবে টিয়েন পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে।
টিয়েন বিশ্বের ১২১ নম্বর প্লেয়ার। এদিন শুরুটা করেছিলেন প্রথম দুটি সেটে জিতে। যদিও এরপর ঘুরে দাঁড়ান মেদভেদেভ। নির্ণায়ক সেটে টাইব্রেকারে স্বস্তির জয় ছিনিয়ে নেন টিয়েন। শেষের দিকে টানা চারটি পয়েন্ট ঝুলিতে পুরে ছিটকে দেন গতবারের রানার-আপকে। ২০২১ ও ২০২২ সালের পর গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন মেদভেদেভ।
টিয়েনের নামকরণে মায়ের পেশার মিল রয়েছে। টিয়েনের মা হুয়েন একটি স্কুলের অঙ্কের টিচার। টিয়েনের নাম রাখা হয় লার্নার। টিয়েনের দিদির নাম জাস্টিস। তাঁদের বাবা খুয়োগ একজন আইনজীবী। নিজের পেশার সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন। টিয়েনের বাবা ও মা ভিয়েতনামের।
২০২৩ সালে টিয়েন ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনে বয়েজ সিঙ্গলস খেলেছিলেন। জুনিয়র পর্যায়ে সিঙ্গলস ও ডাবলসে বিশ্বের মধ্যে ৪ নম্বরে পৌঁছেছিলেন। ২০২৪ সালে টিয়েন তিনটি এটিপি চ্যালেঞ্জার খেতাব জেতেন। তার ফলে জেড্ডায় এটিপি নেক্সট জেন ফাইনালস খেলার ছাড়পত্র আদায় করে নেন।
গ্রেগয়ের বারেরে, জুয়ান পাবলো ফিকোভিচ ও জোয়েফ কোভালিককে হারান অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ালিফায়ারে। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে টিয়েন জয় পেয়েছেন ক্যামিলো উগো কারাবেল্লির বিরুদ্ধে। এবার হারালেন মেদভেদেভকে।
টিয়েন তাঁর টেনিস কেরিয়ারে উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাবা-মায়ের প্রতি। টিয়েনের কথায়, বাবা-মা আমাকে এই খেলায় নিয়ে এসেছেন। আমি পরিবারে সবচেয়ে ছোট। আমার আগে সকলেই টেনিস খেলেছেন। আমি তাঁদেরই অনুসরণ করেছি। ১১-১২ বছর বয়স পর্যন্ত বাবাই আমার কোচ ছিলেন। তৃতীয় রাউন্ডে টিয়েনের প্রতিপক্ষ কোরেন্টিন মাউটেট।












Click it and Unblock the Notifications