Australian Open 2025: স্বামী এবং দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, কিজের জীবন বদলে দিয়েছিলেন সেরেনা!
একটা পোশাকের বয়নাই বদলে দিল ম্যাডিসন কিজের জীবন। এতদিন টেনিস দুনিয়ায় তাঁর নাম খুব একটা বিখ্যাত ছিল না, থাকার কথাও নয় ২০০৯ সাল থেকে পেশাদার টেনিস খেলা শুরু করা মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজের ছিল না কোনও গ্র্যান্ড স্ল্যাম খেতাব। অবশেষে প্রথমবারের জন্য কোনও গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হলেন। মহিলাদের সিঙ্গলসে নতুন রাণী পেল অস্ট্রেলিয়ান ওপেন।
শুনলে অবাক হবেন কিজের টেনিস খেলার কোনও ঝোঁকই ছিল না, আমেরিকার রক আইল্যান্ডে জন্মানো ম্যাডিসন কিজ আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই খেলাধুলা থেকে দূরে ছিলেন । তিনিও টেনিস খেলতে শুরু করেছিলেন একটা পোশাক পরার কারণে। চার বছর বয়সে উইম্বলডনে সেরেনা উইলিয়ামসরে খেলা দেখেছিলেন কিজ। তখনই সেরেনার পোশাক তাঁর খুব পছন্দ হয়েছিল। বাবার কাছে আবদার করেছিলেন সেরেনার মতো পোশাকটা কিনে দেওয়ার জন্য।

কিজ এর আগে কখনও কোনও গ্র্যান্ড স্ল্যাম জেতেননি। একবার মাত্র গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে স্লোয়ানে স্টিফেন্সের কাছে স্ট্রেট সেটে হারেন কিজ। গোটা ম্যাচে মাত্র তিনটি গেম জিতেছিলেন কিজ। এর পর থেকে সেভাবে প্রচারের আলোয় আসেননি।
শনিবার অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর কিজ বলেন, আমি এতদিন ধরে চেয়েছিলাম একটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল জিততে, এর আগে রানার্স আপ হয়েছিলাম। আমার দল প্রতিটি সদস্য আমার উপরে বিশ্বাস রেখেছিল, দলের সকলকে অনেক ধন্যবাদ। তারা আমাকে বিশ্বাস করেছিল, আমি নিজেকে বিশ্বাস করিনি এবং আমাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করে এসেছে আমার দলের সদস্যরা।
একইসঙ্গে কিজ বলেন, গত বছরটি সত্যিই খারাপ কেটেছিল চোটের কারণে। খুব কঠিন ছিল এবং আমি জানতাম না যে আমি আবার ফিরে আসতে পারব এবং অস্ট্রেলিয়ায় এসে এই ট্রফিটি জিততে পারব। আমার স্বামীকেও ধন্যবাদ অকূন্ঠ সমর্থনের জন্য , তিনিও আবেগপ্রবণ হয়ে গিয়েছেন। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা।
পাশাপাশি কিজ আরও বলেন, আমি শুধু বলতে চাই, আপনাদের অনেক ধন্যবাদ, আমি প্রত্যেক একক ব্যক্তির কাছে অত্যন্ত কৃতজ্ঞ যারা আমাকে আমার নিজের উপর বিশ্বাস বজায় রেখেছেন, এই স্বপ্নটি অর্জনে এগিয়ে যেতে সাহায্য করেছেন।












Click it and Unblock the Notifications