Australian Open 2024: প্রথম দুটি সেটে হেরেই দুরন্ত প্রত্যাবর্তন! অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতে নজির সিনারের
Australian Open 2024: অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল বা রজার ফেডেরার না থাকলেও ফয়সালা হলো পাঁচ সেটের দ্বৈরথেই।
দানিল মেদভেদেভের বিরুদ্ধে প্রথম দুটি সেটে পিছিয়ে পড়েই দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ইতালির জানিক সিনার। পরের তিনটি সেট জিততেই ঝুলিতে গ্র্যান্ড স্ল্যাম খেতাব। রীতিমতো নজির গড়ে।

ওপেন এরার ইতিহাসে দ্বিতীয় ইতালীয় হিসেবে সিনার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন। ২২ বছরের এই টেনিস খেলোয়াড় ১৯৮৮ সালের পর তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবে অস্ট্রেলীয় ওপেন খেতাব জিতলেন, রইলেন নোভাক জকোভিচ ও জিম কুরিয়ারের পরেই। ২০১৪ সালের পর এই প্রথম বিগ থ্রি-র বাইরে কেউ অস্ট্রেলিয়ান ওপেন খেতাব দখলে নিলেন।
প্রথম দুটি সেট জেতার পর গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পরাজয় মেদভেদেভের কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার। গত চার বছরে এই নিয়ে তৃতীয়বার তিনি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পরাজয়ের সম্মুখীন হলেন। ২০২১ সালে নোভাক জকোভিচ ও ২০২২ সালে তাঁকে হারিয়েছিলেন রাফায়েল নাদাল।
রড লেভার অ্যারেনায় তিন ঘণ্টা ৪৪ মিনিট ধরে চলা ফাইনালে প্রথম দুটি সেট মেদভেদেভ জিতে নিয়েছিলেন ৬-৩, ৬-৩ সেটে। যদিও পরের তিনটি সেটের ফলাফল দাঁড়ায় সিনারের পক্ষে ৬-৪, ৬-৪, ৬-৩। প্রথম সেটে সিনারকে সার্ভ ব্রেক করার কোনও সুযোগই দেননি। এতেই বোঝা যাচ্ছে কতটা দাপট দেখিয়ে তিনি প্রথম সেট জেতেন।
দ্বিতীয় সেটে মেদভেদেভ দুটি সার্ভ ব্রেক করে একটা সময় ৫-১ ব্যবধানে এগিয়ে যান। এরপর সিনার ব্যবধান কমাতে পারলেও সেট হাতছাড়া হওয়া আটকাতে পারেননি। তৃতীয় সেট যখন সিনারের পক্ষে ৫-৪, তখন তিনি মেদভেদেভের সার্ভ ব্রেক করে চতুর্থ সেটে খেলা নিয়ে যেতে সক্ষম হন। মেদভেদেভের ফোরহ্যান্ড এরপর সার্ভ ব্রেক করে সেট জিততে সাহায্য করে সিনারকে।
চতুর্থ সেটেও তুল্যমূল্য লড়াই চলছিল। ৫-৪-এ এগিয়ে থাকার পর গুরুত্বপূর্ণ ব্রেক পয়েন্ট ছিনিয়ে নিতেই ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। নির্ণায়ক সেটে প্রতিপক্ষের সার্ভ ব্রেক করে সিনার ৪-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আর তাঁকে ধরার মতো জায়গায় পৌঁছতে পারেননি মেদভেদেভ। ফোরহ্যান্ডের সাহায্যেই খেতাব জয় নিশ্চিত হয় সিনারের। সেমিফাইনালে তিনি হারিয়েছিলেন নোভাক জকোভিচকে। প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস ফাইনালে একবারের জন্যও ইতালির এই প্লেয়ারকে নার্ভাস মনে হয়নি।












Click it and Unblock the Notifications