সানিয়া কি শেষ গ্র্যান্ড স্ল্যামে খেতাব জিতবেন? অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস সেমিফাইনালে মির্জা-বোপান্না
অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়া মির্জার কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম। ডাবলস থেকে বিদায় নিলেও এবার মিক্সড ডাবলস সেমিফাইনালে পৌঁছে গেলেন রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে।
সানিয়া মির্জা কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামটি খেলছেন অস্ট্রেলিয়ান ওপেনে। বিদায় নিয়েছেন ডাবলস থেকে। মিক্সড ডাবলসে কঠিন চ্যালেঞ্জ সামলে রোহন বোপান্নাকে নিয়ে পৌঁছে যান কোয়ার্টার ফাইনাল। তবে সেমিফাইনালে চলে গেলেন বিনা বাধায়। ফলে খেতাব আর দুই কদম দূরে।

সানিয়া মির্জা ও রোহন বোপান্নার জুটির সামনে মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে ছিল জেলেনা ওস্তাপেঙ্কো ও ডেভিড ভেগা হার্নান্দেজের জুটি। কিন্তু সানিয়ারা ওয়াকওভার পেয়ে পৌঁছে গেলেন সেমিফাইনালে। মার্গারেট কোর্ট অ্যারেনায় আফটারনুন সেশনে ছিল এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। এর আগে, মহিলাদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে সপ্তদশ বাছাই ওস্তাপেঙ্কো স্ট্রেট সেটে হেরে যান ২২তম বাছাই এলেনা রাইবাকিনার কাছে। সে কারণেই তিনি আর মিক্সড ডাবলসে নামেননি বলে মনে করা হচ্ছে।
Lets just say we're moving on 💪🏽🇮🇳 @MirzaSania #AustralianOpen pic.twitter.com/NIfu9PNKN0
— Rohan Bopanna (@rohanbopanna) January 24, 2023
২০১৬ সালে শেষবার অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস সেমিফাইনালে পৌঁছেছিলেন সানিয়া। সেবার তিনি জুটি বেঁধেছিলেন ইভান ডডিগের সঙ্গে। গতকাল সানিয়া-বোপান্না জুটি রাউন্ড অব সিক্সটিনে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল এরিয়েল বেহার ও মাকোতো নিনোমিয়া জুটির বিরুদ্ধে। খেলার ফল ছিল ৬-৪, ৭-৬ (৮)। ২০০৯ সালে সানিয়া মির্জা অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস খেতাব জিতেছিলেন মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে। ২০১৬ সালে তিনি অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলস খেতাব জিতেছিলেন, পার্টনার ছিলেন মার্টিনা হিঙ্গিস। সানিয়ার ঝুলিতে রয়েছে মোট ৬টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব। আগামী মাসেই তিনি দুবাইয়ে ডব্লুটিএ ১০০০ টুর্নামেন্ট খেলে পেশাদার টেনিসকে বিদায় জানাবেন। সানিয়া ২০১২ সালে ফরাসি ওপেন ও ২০১৪ সালে ইউএস ওপেনে মিক্সড ডাবলস খেতাব জেতেন। ২০২২ সালে উইম্বলডনের সেমিফাইনাল অবধি যান। ২০১৫ সালে উইম্বলডন ও ইউএস ওপেন এবং ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে তিনি ডাবলস খেতাব জেতেন।
এবারের অস্ট্রেলিয়ান ওপেনে সানিয়া ডাবলসে জুটি বেঁধেছিলেন আনা দানিলিনার সঙ্গে। যদিও ডাবলস খেতাব জয়ের স্বপ্নভঙ্গ হয় দ্বিতীয় রাউন্ডেই। মেলবোর্ন পার্কের ৭ নম্বর কোর্টে অষ্টম বাছাই সানিয়া-দানিলিনা জুটি ২ ঘণ্টা ১ মিনিট ধরে চলা লড়াইয়ে পরাস্ত হন আনহেলিনা কালিনিনা-আলিসন ভ্যান উইটভ্যাঙ্ক জুটির কাছে। সানিয়ারা হেরে গিয়েছিলেন ৪-৬, ৬-৪, ২-৬ সেটে। অস্ট্রেলিয়ান ওপেনেই কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলেছিলেন। অবসরের আগে শেষ গ্র্যান্ড স্ল্যাম হিসেবে তাই অস্ট্রেলিয়ান ওপেনকেই বেছে নেন বছর ৩৬-এর সানিয়া। আজ ওয়াকওভার পাওয়ায় খেতাব থেকে আপাতত সানিয়া দুই ধাপ দূরে। বোপান্নার সঙ্গে জুটি বেঁধে বাজিমাত করলে গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায় মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে।












Click it and Unblock the Notifications