Novak Djokovic: জকোভিচের এন্ট্রি ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
বছরের শুরুতেই বড় ধাক্কা খেলেন সার্বিয়ার টেনিস নক্ষত্র নোভাক জকোভিচ। বিশেষ ছাড়ে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ওপেনে অংশ নেওয়ার ছাড়পত্র পেলেও শেষ রক্ষা হল না। জোকারের এন্ট্রি ভিসা বাতিল করে দিল অস্ট্রেলিয়া। যার অর্থ অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়া হচ্ছে না বর্তমানে টেনিস সার্কিটের শীর্ষ তারকা'র।

বুধবার অস্ট্রেলিয়ায় পা রাখার আগে সোশ্যাল মিডিয়ায় বিশেষ ছাড়ে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ছাড়পত্র পাওয়ার কথা জানিয়েছিলেন জোকার। এই বিশেষ ছাড়ের জন্য আবেদন করেছিলেন জোকার নিজেই। দুই সদস্যের মেডিক্যাল প্যানেল জোকারের আবেদনে সারা দিয়ে তাঁকে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়ার জন্য ছাড়পত্র দেয়। এর পরই অসন্তোষ দেখা যায় অস্ট্রেলিয়ার সাধারণ নাগরীকদের মধ্যে যাঁরা দীর্ঘ দুই বছর লক ডাউন সহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়ে চলেছেন।
করোনার প্রকোপ উত্তরোত্তর বেড়ে চলেছে অস্ট্রেলিয়ায়। প্রতি দিনই নতুন করে আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ছে। অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স একটি বিজ্ঞপ্তিতে বলেছেন, "অস্ট্রেলিয়ায় প্রবেশের জন্য প্রয়োজনীয় নথি দেখাতে ব্যর্থ হয়েছেন জকোভিচ এবং এই কারণে তাঁর ভিসা বাতিল করা হয়েছে।" ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "অস্ট্রেলিয়ার নাগরীক নন এমন ব্যক্তি যাঁদের কাছে বৈধ ভিসা নেই বা যাঁদের ভিসা বাতিল করা হয়েছে তাঁদের আটক করা হবে এবং অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়া হবে। আমাদের বর্ডারে প্রবেশের জন্য যাঁরাই আসবেন তাঁদের দেশের আইন এবং প্রবেশের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেই প্রবেশ করতে হবে।"
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, "নিয়মের ঊর্ধ্বে কেউ নন। নিয়ম সব সময়ই এক, বিশেষ করে যখন দেশের বর্ডারের প্রসঙ্গ আসে।" অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী কেরিন অ্যান্ড্রুস বলেছেন, "যাঁরা আমাদের দেশের লাঘু করা শর্ত মানতে পারবেন না তাঁদের অস্ট্রেলিয়ায় প্রবেশ করার ছাড়পত্র দেওয়া হবে না। তারা কে, এটা কোনও গুরুত্বই রাখে না।" প্রথম থেকেই ভ্যাকসিনেশনের কাগজ পত্র দেখাতে টাল বাহানা করছিলেন জকোভিচ।
বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরসিন জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার সেট করা গাইড লাইন অনুযায়ী জকোভিচ'কে প্রমাণ করতে হবে করোনা ভ্যাকসিন না নিলেও তিনি বিশেষ ছাড়ের যোগ্য। ১৭ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্ন পার্কে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম। ২০১৯, ২০২০ এবং ২০২১ পর পর তিন বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নোভাক জকোভিচ।












Click it and Unblock the Notifications