পানীয় জল কোথায়? কী করেছেন পাঁচ বছরে? বাঁকুড়ায় বিজেপি প্রার্থীকে প্রশ্ন সাধারণ মানুষের
ভোটের দিন গ্রামের সাধারণ মানুষের বিক্ষোভের সামনে পড়লেন বিজেপি প্রার্থী। পাঁচ বছর সাংসদ থেকে কী করেছেন? গ্রামে পানীয় জলের পরিষেবা এখনও কেন এসে পৌঁছয়নি? সেই প্রশ্ন তোলা হল সুভাষ সরকারকে দেখে। বিক্ষোভের সামনে পড়ে এক সময় পিছু হটলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুভাষ সরকার।
গতবার সুভাষ সরকার ওই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। এবারও বিজেপি তাঁকেই ওই কেন্দ্রের প্রার্থী করেছেন। বিভিন্ন জায়গায় প্রচারে গিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন। আজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোট চলছে সকাল থেকেই। ভোট দেখতে বেরিয়ে যান বিজেপি প্রার্থী।

শালতোর বিধানসভার ঝঙ্কা বুথে তিনি পৌঁছান। পানীয় জলের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয় তাঁকে ঘিরে। পাঁচ বছরে কী করেছেন? বেরিয়ে যান এখান থেকে। প্রার্থীকে বললেন বিক্ষোভকারী গ্রামবাসীরা। প্রৌঢ়, বৃদ্ধরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিজেপির প্রার্থীকে দেখে।
তাদের ওই এলাকায় পানীয় জলের দীর্ঘ সময়ের সমস্যা। বিজেপির প্রার্থী গত বার জল সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সমস্যার সমাধান হয়নি। এবার আবার ভোট চলছে। সে কারণেই তারা বিজেপি প্রার্থীর উপরে ক্ষুব্ধ। গত পাঁচ বছরে সাংসদ হিসেবে সুভাষ সরকার কী করেছেন? প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ।
পরে সুভাষ সরকার এই ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেছেন। রাজ্য সরকারকে প্রকল্পের জন্য দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকার এক প্রকল্পের টাকা অন্য খাতে ব্যয় করে। সে কারণেই এই সমস্যা। কোনও জায়গায় পানীয় জল পৌঁছে গিয়েছে। কোনও জায়গায় পানীয় জল যাওয়ার পাইপ বসেছে। আবার কোথাও জলের পাইপই বসানো হয়নি। এর ফলে ওই এলাকার ভোট কমবে বলে সুভাষ সরকারের অনুমান।












Click it and Unblock the Notifications