West Bengal News: তরুণীকে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ, উত্তাল বাঁকুড়া, গ্রেফতার তৃণমূলের প্রভাবশালী নেতা
West Bengal News: এক তরুণীকে নিজের বাড়িতে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ও সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নারায়ণ মিত্র ওরফে ঝন্টুকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে।
যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আরজি করের (RG kar Hospital Doctor Death) ঘটনায় উত্তাল বাংলা (West Bengal News)। এর মধ্যেই ধর্ষণের ঘটনায় নেতার নাম জড়ানোয় চরম অস্বস্তিতে পড়ে যায় শাসকদল তৃণমূল। অন্যদিকে ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তকে দল থেকে 'অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড' করার কথা ঘোষণা করেছে তৃণমূল (TMC)।

একই সঙ্গে তাঁকে পঞ্চায়েত সমিতির পদ থেকে সরানোর নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমৃল নেতৃত্ব। স্থানীয় সূত্রে খবর, এলাকায় যথেষ্ট 'দাপুটে' তৃণমূল নেতা হিসেবেই পরিচিত নারায়ণ মিত্র ওরফে ঝন্টু। দলের শ্রমিক সংগঠন আই.এন.টি.টি.ইউ.সি-র সোনামুখী ব্লক সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পদেও আসীন ছিলেন।
অন্যদিকে, এহেন 'দাপুটে' তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে পূর্ব পরিচিতা এক তরুণীকে নিজের ঘরে আটকে রেখে একাধিকবার তিনি ধর্ষণ করেন। সুযোগ বুঝে ওই বাড়ি থেকে পালিয়ে এসে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা তরুণী।
অভিযোগের ভিত্তিতে পরে পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে। এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে শাসক দল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি জানার পর পরই অভিযুক্ত নারায়ণ মিত্র ওরফে ঝন্টুকে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিস্কার করা হয়েছে। এর পাশাপাশি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষের পদ থেকেও তাকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে সোনামুখীর বিজেপি বিধায়ক দীবাকর ঘরামির দাবি, দলের অভিযুক্ত নেতাকে তৃণমূল সাসপেণ্ডের কথা যা বলেছে তা পুরোটাই লোক দেখানো। হয়তো দু'সপ্তাহ পরে দেখা যাবে তিনিই আবার দলের পতাকা নিয়ে ঘুরছেন। এই রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা নেই, এও ঘটনা তা আরও একবার প্রমাণ করছে বলেই এদিন দাবি করেছেন ওই বিজেপি নেতা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই ক্ষোভের আশঙ্কায় সতর্ক পুলিশ প্রশাসন।












Click it and Unblock the Notifications