Soumitra Khan: সৌমিত্র খাঁকে কালো পতাকা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গঙ্গাজলঘাটি
লোকসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো বাঁকুড়ার গঙ্গাজলঘাটি। রবিবার সন্ধ্যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র প্রচার মিছিল গঙ্গাজলঘাটি বাজারে পৌঁছালে তৃণমূলের তরফে কালো পতাকা দেখানো হয়, আর সেকারণেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বলে খবর।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে, এমনকি ওই ঘটনায় কয়েকজন দলীয় কর্মী আহত বলেও দাবি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাতেই বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা।

গঙ্গাজলঘাটি ব্লক-১ তৃণমূল সভাপতি হৃদয় মাধব দুবের দাবি, সৌমিত্র খাঁ-র উপস্থিতিতে আমাদের দলীয় কার্যালয় ভাঙ্গচুর করা হয়েছে, কয়েক জন কর্মীও আক্রান্ত হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পাশাপাশি বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে। তবে 'এই লড়াই জারি থাকবে, মারের বদলে মার, ভাঙ্গার বদলে ভাঙ্গা হবে' বলেও তিনি হুঁশিয়ারী দেন।
যদিও বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশের একাংশের সঙ্গে 'যোগসাজশ' করে তাঁদের 'মহা মিছিলকে ব্যাঘাত' ঘটানোর চেষ্টা তৃণমূল করেছে বলে তিনি দাবি করেন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তারই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে। এক কথা এই কেন্দ্রে স্বামী-স্ত্রীর লড়াই চলছে।
সুজাতা মণ্ডল কোমর কষেছেন প্রচারে। এরই মাঝে খণ্ডঘোষের পলেমপুরে সুজাতা মণ্ডলের একটি পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তাতে দেখা গিয়েছে বিজেপির উত্তরীয় পরে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া আগে বিজেপিতেই ছিলেন সুজাতা। ২০১৯ সালের লোকসভা ভোটে স্বামীর হয়েই বিষ্ণুপুরে প্রচার চালিয়েছিলেন সুজাতা মণ্ডল। সেসময় আদালতের নির্দেশে সৌমিত্র খাঁর বিষ্ণুপুরে প্রবেশের অনুমতি ছিল না।
এককথায় বলতে গেলে সুজাতা মণ্ডলের প্রচারের দমেই বিষ্ণুপুর কেন্দ্রে ২০১৯-র লোকসভা ভোটে জয়ী হতে পেরেছিলেন সৌমিত্র খাঁ। কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটের সময় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সুজাতা। এই নিয়ে দম্পত্য কলহ তৈরি হয়েছিল। তখন থেকেই সৌমিত্র এবং সুজাতার সম্পর্কে ফাটল ধরে। বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস সুজাতা মণ্ডলকে আরামবাগ কেন্দ্রে প্রার্থী করেছিল। জিততে না পারলেও বিজেপির সঙ্গে কড়া টক্কর দিয়েছিলেন সুজাতা। সেখান থেকে একেবারে লোকসভা ভোটের টিকিট পেয়েছেন তিনি। সেকারণে বিষ্ণুপুর কেন্দ্র এবার হাইভোল্টেজ হয়ে উঠেছে।












Click it and Unblock the Notifications