তৃণমূল বিধায়কের দেহরক্ষীর দেহ উদ্ধার, শোকস্তব্ধ স্ত্রী-মা, আট বছরের ছেলে
কলকাতার এমএলএ হস্টেল থেকে তৃণমূল বিধায়কের দেহরক্ষীর মৃতদেহ উদ্ধার হয়েছে শনিবার সকালে। মৃতের নাম জয়দেব গড়াই ( ৩৪)। তিনি বাঁকুড়ার বাসিন্দা। গ্রামের বাড়িতে শোকের ছায়া। তিনি কোনওভাবেই আত্মহত্যা করতে পারেন না। এমনই দাবি করছেন পরিবারের সদস্যরা।
জয়দেব গড়াইয়ের বাড়ি বাঁকুড়ার সিমলাপাল থানা এলাকার মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের বাঁশি গ্রামে।পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তারক্ষী হিসেবে জয়দেব গড়াই নিযুক্ত ছিলেন।

শনিবার সকালে মৃতদেহ কলকাতার এমএলএ হস্টেলের ৪১৯ নম্বর ব্যালকনির নীচে মাটিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আসেন ফরেনসিক টিমের বিশেষজ্ঞরাও। পরে পুলিশের তরফে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহটি আপাতত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যা না কি খুন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিন দুপুরে জয়দেব গড়াইয়ের বাড়িতে দু:সংবাদ আসে। গ্রামজুড়ে শোকের আবহ। আর কয়েক দিন পরেই ছুটিতে বাড়ি আসার কথা ছিল। তার আগেই সব শেষ! বিষয়টি মেনে নিতে পারছেননা পরিবারের সদস্য, বন্ধু বান্ধব থেকে পাড়া প্রতিবেশী কেউই।
মৃত ওই নিরাপত্তারক্ষীর পরিবার সূত্রে খবর, ২০১২ সালে রাজ্য পুলিশে যোগ দেন জয়দেব। গত কয়েক বছর ধরে তিনি বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সরেনের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন। বাড়িতে মা, স্ত্রী, আট বছরের এক ছেলে সহ কাকা-কাকিমারা রয়েছেন।
এমএলএ হস্টেল একটি 'হাইসিকিওরড জোন'। সেখানে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল? সেই প্রশ্ন তুলছেন জয়দেবের পরিবার। খুড়তুতো বোন ঋতু গড়াই বলেন, জানানো হয়েছে দাদা পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মারা গিয়েছেন। এই কথা বিশ্বাস করি না। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হয়েছে।
স্ত্রী ও মা শোকে পাথর হয়ে আছেন। স্ত্রী মাঝেমধ্যেই কেঁদে ফেলছেন হাউ হাউ করে। আট বছরের ছোট্ট ছেলে বুঝতে পারছেন না, কী হয়েছে। বাবা যে আর ফিরবেন না। সেটা বোঝার মতো বয়স হয়তো তার হয়নি।
কাকিমা রিনা গড়াইও ঘটনার পূর্ণাঙ্গ দাবি করেন। তিনি বলেন, আমাদের ছেলে কখনও আত্মহত্যা করতে পারে না। বিষয়টি মেনে নিতে পারছেন না জয়দেবের বাল্যবন্ধু সঞ্জয় গড়াই। তিনি বলেন, সব সময় হাসিখুশি থাকত। বন্ধুকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।












Click it and Unblock the Notifications