এককালে দূরত্ব ছিল? কোন্দল ভুলে বাঁকুড়ায় তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির বাড়ি প্রার্থী ফাল্গুনী সিংহবাবু
তৃণমূল কংগ্রেসের তালডাংরা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। গতকাল রবিবার তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রার্থীর নাম ঘোষণার পরেই শাসক দল নেমে পড়েছেন ভোটের কাজে। এদিকে তালডাংরা বিধানসভার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু ছুটে গেলেন তাঁর নিজের রাজনৈতিক শিক্ষা গুরুর কাছে।
সোমবার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রের বাড়িতে যান ফাল্গুনী সিংহবাবু। দুজনের মধ্যে আলোচনাও হয়। দিব্যেন্দু সিংহ মহাপাত্র দীর্ঘদিন ধরে দলের কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ রয়েছে। সে কারণেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রেখেছেন। এমনই মত ওয়াকিবহাল মহলের।

ভোটের প্রচারে ও নির্বাচনী বৈতরণী পার করতে এবার দিব্যেন্দু সিংহ মহাপাত্রকে পাশে চাইছেন প্রার্থী। বলে রাখা ভালো এই দুজনের মধ্যেও ঠান্ডা লড়াই ছিল। এমনই কথা বাঁকুড়া জেলার রাজনৈতিক মহলে কান পাতলে পাওয়া যায়। সেই সব ভুলেই এখন ভোটের লড়াইতে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।
রবিবার প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হয়। ২৪ ঘন্টার মধ্যেই সোমবার দিব্যেন্দুর সিমলাপালের বাড়িতে হাজির হন প্রার্থী। তাঁর সহধর্মিণী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মমতা সিংহমহাপাত্রের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন ফাল্গুনী। এদিনই ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে রঙ তুলি হাতে দেওয়াল লিখনে নেমে পড়েন প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি।
দিব্যেন্দু সিংহ মহাপাত্রকে জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই এক প্রকার রাজনৈতিক নির্বাসনে ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে দলের কোনও কর্মসূচিতে সেভাবে তাঁকে দেখা যায়নি। এমনকী প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি ও দলের সিমলাপাল ব্লক সভাপতির মধ্যে 'ঠান্ডা লড়াই' চলছিল বলেও খবর।
এই বিষয়ে ফাল্গুনী সিংহবাবু বলেন, খেলার মাঠে আমাদের সম্পর্কের শুরু। পরে ওনার হাত ধরেই রাজনীতাতে আসা। মাঝে রাজনৈতিকভাবে সম্পর্ক অবনতি হলেও এখন তা 'অতীত' বলে তিনি দাবি করেন। প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রের দাবি, "গোষ্ঠী কোন্দলের বিষয়টি মিডিয়ার তৈরি করা। ফাল্গুনী আমার হাত ধরেই তৃণমূলে এসেছে।" যে যাই বলুক দু'জনের সম্পর্ক বেশ ভালো বলে তিনি দাবি করেন।












Click it and Unblock the Notifications