'বাঁকুড়ায় যাতে সন্দেশখালি না হয়', বিজেপির হয়ে প্রচারে প্রতিবাদী মহিলারা
সন্দেশখালির মহিলাদের নিয়ে বাঁকুড়ায় প্রচার করল বিজেপি। সন্দেশখালির নির্যাতনের কথা উঠে এল বাঁকুড়ার মাটিতে৷ 'বাঁকুড়ায় যাতে সন্দেশখালি না হয়', সেই বার্তাই দিলেন সন্দেশখালির মহিলারা।
এই রাজ্যের মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ তুলে সন্দেশখালি থেকে আসা 'প্রতিবাদী'দের উপস্থিতিতে বাঁকুড়া শহরে 'নারী শক্তি প্রদর্শন' কর্মসূচি বিজেপির। বুধবার দলের মহিলা মোর্চার উদ্যোগে ওই কর্মসূচি নেওয়া হয়।

সন্দেশখালি থেকে ১২ জন মহিলা বাঁকুড়ায় যান। এদিন শহরের হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল শুরু হয়। তামলিবাঁধে পৌঁছে এক পথসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়। এদিনের এই কর্মসূচিতে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার, স্থানীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানা, দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সন্দেশখালি থেকে আসা মঙ্গলী ভুঁইয়্যা, ঝুম্পা সর্দাররা বলেন, "বিগত ১০ বছর ধরে আমরা নির্যাতনের শিকার। ওই অত্যাচারের হাত থেকে ছেলেরাও রেহাই পায়নি। কারণে অকারণে, রাত বিরেতে আমাদের ডাকা হত। অবশেষে অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে আমরা পথে নামতে বাধ্য হয়েছি।"
এমনকী আম্ফান থেকে বুলবুলি ঝড়ে ব্যাপক ক্ষতি হলেও কোনও সাহায্য মেলেনি। এই অভিযোগও করলেন তাঁরা। এবার বাঁকুড়ার মানুষের সঙ্গে সেই সব দুঃখ-দুর্দশার কথা ভাগ করে নিতে এসেছেন তারা। ' বাঁকুড়া যেন সন্দেশখালি না হয়' সেটাই তারা চাইছেন। এই কথা বলেনও সন্দেশখালির মহিলারা।
বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার বলেন, সন্দেশখালির নির্যাতিতাদের নেতৃত্বে বাঁকুড়ার মহিলারা এই মিছিলে অংশ নিয়েছেন। নারী শক্তির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন। এই রাজ্যের আর কোথাও যেন শেখ শাহজাহান না তৈরি হয়। সেই বার্তাই এদিন দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications