'ঘর ভাঙানো দল বিজেপি' তৃণমূলেই ফিরছেন সৌমিত্র, ইঙ্গিত দিলেন স্ত্রী সুজাতা খাঁ মন্ডল
২০১৯ এর লোকসভা ভোটে সৌমিত্র খাঁ-র জিতে আসাতে তাঁর যোগদান ছিল গুরুত্বপূর্ণ। তারপর থেকেই বিজেপিতে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন সুজাতা। কিন্তু বিধানসভা ভোটের ঠিক আগে যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে পা রাখছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতারা ঠিক তখনই উল্টো স্রোতে হেঁটে তৃণমূলে যোগ দেন সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। এরপরই সৌমিত্র-সুজাতার বিবাদ চরমে ওঠে। দু'জনে আলাদা থাকতেও শুরু করেন৷ কিন্তু সৌমিত্র খাঁ বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি পদ ত্যাগ করায় আপ্লুত সুজাতা৷

ওয়ানইন্ডিয়াবাংলাকে সুজাতা বলেন, 'বিজেপি একটা ঘর-সংসার ভাঙানো দল। আমি কয়েকদিন থেকেই বুঝতে পারছিলাম সৌমিত্র ওদের যুব মোর্চার পদ ছেড়ে দেবে৷ এটা নিয়ে আমি পজিটিভ ছিলাম৷ বিজেপির জন্য ওর লড়াই সবার থেকে বেশি৷ কিন্তু ওকে বিজেপি যোগ্য মর্যাদা দেয়নি৷ এবার ও নিজের পুরোনো দলে ফিরে আসুক, যারা ওঁকে সৌমিত্র খাঁ বানিয়েছে৷ মাতৃসমা মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইয়ের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলকে কেন্দ্রে নিয়ে আসার লড়াই লড়ুক।'
এরপর ওয়ানইন্ডিয়াবাংলার পক্ষ থেকে সুজাতাকে জিজ্ঞেস করা হয় আপনার সঙ্গে কি সৌমিত্রবাবুর কথা হয়েছে? উনি কি তৃণমূলে ফিরছেন? উত্তরে সুজাতা বলেন, 'এত তাড়াহুড়োর কী আছে। সবই ক্রমশ প্রকাশ্য৷ তবে যুব মোর্চার পদ ছেড়ে ও অনেক কিছুই স্পষ্ট করে দিয়েছে।'












Click it and Unblock the Notifications