অভিষেকের বাঁকুড়া সফরের আগেই উত্তেজনা বিকনায়, গ্রাম প্রধানের বিরুদ্ধে তোলাবাজির পোস্টার
দলের 'সেকেণ্ড ইন কমাণ্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নব জোয়ার' কর্মসূচীতে যোগ দিতে বাঁকুড়ায় আসার ঠিক একদিন আগেই তৃণমূল পরিচালিত বিকনা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে 'তোলাবাজি'র অভিযোগ তুলে পোষ্টার পড়লো এলাকায়।
কে বা কারা কারা ঐ পোষ্টার লাগিয়েছে বিষয়টি স্পষ্ট না হলেও বুধবার সকাল থেকে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিকনা এলাকায় লাগানো সাদা কাগজের উপর হাতে লেখা এই পোষ্টারে প্রধান কার্তিক চন্দ্র মালের বিরুদ্ধে একাধিক বিষয়ে 'তোলাবাজি'র অভিযোগ তোলা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে দলের নেতা তথা প্রধানের বিরুদ্ধে এই ধরণের পোষ্টারের ঘটনায় বেজায় অস্বস্তিতে ঘাস ফুল শিবির।

পোষ্টারে লেখা রয়েছে, 'ট্রেড লাইসেন্স তোলাবাজি, আবাস যোজনাতে তোলাবাজি, বেনামী জমি ওয়ারেশনে তোলাবাজি, সরকারী জমির দালালীতে তোলাবাজি, ঠিকাদারদের সিণ্ডিকেট গড়ে তোলাবাজি'। এছাড়াও ভুয়ো জবকার্ড তৈরীতেও প্রধান কার্তিক চন্দ্র মালের বিরুদ্ধে ঐ পোষ্টারে 'তোলাবাজি'র অভিযোগ আনা হয়েছে।
আর এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে শাসক-বিরোধী তর্জা। যদিও এবিষয়ে বিকনা গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মালকে এবিষয়ে জানাল জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে বাঁকুড়া-২ ব্লক তৃণমূল সভাপতি বিধান সিংহ বলেন, আগামীকাল আমাদের দলের নেতা জেলায় আসবেন, তার আগে বিরোধীরা এসব করে অশান্তি সৃষ্টি করতে চাইছে বলে তিনি দাবি করেন।

বর্ষীয়ান সিপিআইএম নেতা কিঙ্কর পোষাক বলেন, ঐ প্রধানের বিরুদ্ধে আগেও এধরণের অভিযোগ আছে। তৃণমূলে যে যতো বড় তোলাবাজ সে ততো বড় নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ সাংসদ, তিনি জেলায় আসার জন্য 'পুলিশ ১৮-২১ মে বিরোধীদের সভার অনুমতি দিচ্ছেনা'। তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধে এভাবে আরো পোষ্টার, দেওয়াল লিখন হবে বলেও তিনি জানান।

স্থানীয় বিজেপি নেতা দেবাশিস দত্ত এপ্রসঙ্গে বলেন, পোষ্টার বিতর্কে বিজেপির নাম জড়িয়ে লাভ নেই, মানুষ এভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। পঞ্চায়েত ভোট হলেই 'তৃণমূল হারবে' বলে তিনি দাবি করেন।












Click it and Unblock the Notifications