Panchayat Election 2023: অধীরের সঙ্গে এক মত নৌশাদ! ভুয়ো ব্যালট আমদানি নিয়ে বিতর্ক
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে এক মত আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। বাংলার পঞ্চায়েত নির্বাচনে ভুলো ব্যালট নিয়ে যে আশঙ্কা করেছেন অধীর চৌধুরী, তার সঙ্গে একমত নৌশাদও। শুক্রবার বাঁকুড়ায় নির্বাচনী সভা শেষে তা স্পষ্ট করেছেন তিনি।
নৌশাদ সিদ্দিকী বলেন, এক দফায় পঞ্চায়েত ভোট যদি হয় তা সুষ্ঠু ভাবে হবে না। শুক্রবার বাঁকুড়ার ওন্দার পুনিশোল গ্রামে দলের এক নির্বাচনী সভায় যোগ দিতে আসেন নৌশাদ সিদ্দিকী। আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, এক দফায় ভোট মানেই বিশৃঙ্খলা হবে।

এদিন তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, ২০১৩ সালের পর এবার ১ কোটি ভোটার বেড়েছে। বেড়েছে বুথের সংখ্যাও। বুথের সংখ্যা বেড়েছে প্রায় ৫ হাজার। তাই পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও বাড়াতে হবে। এটাই অঙ্ক হয়ে চায়। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে সেই অঙ্ক মানা হচ্ছে না।
এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নৌশাদ সিদ্দিকী। তিনি বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলা গ্রহণ করেছেন। আগামী সোমবার এই মামলার শুনানি হবে। তবে একদিনে কেন্দ্রের পক্ষে এত বাহিনী দেওয়া সম্ভব নয়। জরুরী ক্ষেত্রে সমস্যা হতে পারে।

নৌশাদ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দফা বাড়ানোই একমাত্র পথ। সেই দাবিতে তিনি অনড় থাকছেন বলে জানান। এর পাশাপাশি 'ভূয়ো ব্যালটে'র অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এবিষয়ে কংগ্রেসের অধীর চৌধুরীর বক্তব্যের সঙ্গে আমি সহমত। যারা নিয়োগ ক্ষেত্রে ওএমআর শিটে দুর্নীতি করতে পারে, তাদের কাছে এই ব্যালট দুর্নীতি কোনো ব্যাপার নয় বলে তিনি মনে করেন।












Click it and Unblock the Notifications