Panchayat Election 2023: বাঁকুড়ায় জেলা পরিষদ আসনে তৃণমূল প্রার্থী অর্চিতা, উন্নয়নকেই হাতিয়ার করছেন প্রচারে
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন ছিল আজ। এদিন বাঁকুড়ার জেলা পরিষদ আসনগুলির জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীরা মনোয়ন জমা দিলেন। ৫৬ আসন বিশিষ্ট বাঁকুড়া জেলা পরিষদের ৩৪ নম্বর আসন থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্চিতা বিদ।
আজ বাঁকুড়া জেলাশাসক দফতর সংলগ্ন সংখ্যালঘু ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা দেন অর্চিতা। জয়ের বিষয়েও আত্মবিশ্বাসী তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য ওঠা পড়ার সাক্ষী থেকেছেন অর্চিতা বিদ। মৃদুভাষী, কিন্তু স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিতি রয়েছে তাঁর। ২০০৭ সালে ছাত্র রাজনীতির মাধ্যমে অর্চিতা বিদের রাজনীতির আঙিনায় প্রবেশ। ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলেছেন।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে বড়জোড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিসেবে কাজ শুরু করেন। পরে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন। কিন্তু পরাস্ত হন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন হিসেবে পরিচিত অর্চিতাকে ২০২২ সালে বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়।

২০২৩ সালের নির্বাচনে ওই পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন অর্চিতা। জেলা যুব তৃণমূলের সভানেত্রী ও মহিলা সংগঠনের কার্যকরী সভানেত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও তিনি সামলেছেন। রাজনৈতিক মহলের খবর, এবার জেলা পরিষদের সভাধিপতি হওয়ার দৌড়েও রয়েছেন অর্চিতা।

মনোনয়ন পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্চিতা বলেন, দলের সিদ্ধান্তই শিরোধার্য। দল যখন যা সিদ্ধান্ত নিয়েছে একজন অনুগত সৈনিক হিসেবে তা মাথা পেতে নিয়েছি। জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে উন্নয়নের কাজকর্ম চালাচ্ছে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তা জেলার সর্বত্র পৌঁছে দিতে চাই।
আগামীকাল থেকেই প্রচারে নেমে পড়ার পরিকল্পনা রয়েছে অর্চিতার। মা-বোনেরা এবারও তৃণমূল কংগ্রেসকেই আশীর্বাদ করবেন বলে নিশ্চিত অর্চিতা। তাঁর কথায়, এই মুহূর্তে মানুষের কাছে তৃণমূল ছাড়া আর কোনও দলেরই গ্রহণযোগ্যতা নেই।












Click it and Unblock the Notifications