'প্রমাণ মিললে ওই বিচারপতিকেই ফাঁসির আদেশ দিতে বলব', চ্যালেঞ্জ অভিষেকের
ক্ষমতায় থাকলে গ্রেফতার করে দেখাও। আগামীকাল শনিবার একেবারে চোখে চোখ রেখে লড়াই করব। বাঁকুড়া থেকে সিবিআইকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
কুন্তল ঘোষ চিঠি মামলায় আগামীকাল শনিবার তাঁকে তলব করেছে সিবিআই। সেই মতো বাঁকুড়ার নবজোয়ার কর্মসূচি কাটছাঁট করেই কলকাতায় ফিরছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর তার আগে বাঁকুড়ার সভা থেকে সিবিআকে তীব্র আক্রমণ করলেন তিনি। শুধু তাই নয়, বিজেপিকেও তীব্র আক্রমণ শানান অভিষেক।

বলেন, তিন চার বছর ধরে তদন্ত চলছে! দোষী হলে আমায় অ্যারেস্ট করুন। দিনের পর দিন চলা নোবেল চুরি, সারদার তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। একই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করে বলেন, সব চোরেরা চুরি করে বিজেপিতে যায়। আর বিজেপিতে গেলেই ওরা সাধু হয়ে যায় বলেও মন্তব্য তৃণমূলের সেকেন্ড ইন কমাণ্ড। তাঁর কথায়, বিজেপি নেতাদের জন্য আইন আলাদা, আমার জন্য আলাদা! তবে এক বছর পর বিজেপি থাকবে না, সিবিআই-ইডি থাকবে, ভারতের সংবিধান থাকবে, গণতন্ত্রও থাকবে'।
শুক্রবার সিবিআই-র ডাকে সাড়া দিয়ে বাঁকুড়ার সোনামুখী থেকে রওনা হওয়ার আগে একথা বলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনামুখীতে বক্তব্য রাখতে গিয়ে এদিন তিনি সিবিআইকে আক্রমণ করে বলেন, 'মেঘনাথের মতো আড়াল থেকে লড়াই না করে পঞ্চায়েতে প্রার্থী দাও'। তবে তৃণমূলের নবজোয়ারকে ঠেকাতে এহেন নোটিশ দেওয়া হয়েছে বলেও এদিন মন্তব্য করেন অভিষেক।
একই সঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, 'সারদা, নারদা, কয়লা এবং গরু কোনও মামলাতেই আমার বিরুদ্ধে কিচ্ছু পায়নি। কিন্তুন এরপরেও আমাকে নিয়ে টানটানি চলছে। এমনকি আমার স্ত্রী, আইনজীবী এমনকি আপ্ত সহায়ককেও পর্যন্ত জেরা করতে ছাড়েনি। কিন্তু তাতেও কিছু পায়নি বলে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিছুতেই দিল্লির কাছে আমার মাথা নত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আর এরপরেই অভিষেক বলেন, আমার বিরুদ্ধে যারা রায় দিয়েছেন আমি সম্মান করি। কিন্তু নিয়োগ দুর্নীতিতে যদি আমার বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায় তাহলে ওই বিচারপতিকেই ফাঁসির আদেশ দিতে বলব। এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন কুন্তল ঘোষ চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর একাধিক বিতর্ক হয়। সম্প্রতি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হয়। আর তাতে সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশই বহাল রাখে।












Click it and Unblock the Notifications