বাম আমলে রাজ্যে শিল্প হয়েছে, তৃণমূলের সময়ে নয়, বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
এই রাজ্যে শিল্প যা তৈরি হয়েছে, সব বাম আমলে। তৃণমূল সরকারের সময়ে একটাও নতুন শিল্প হয়নি। বিগত বামফ্রন্ট সরকারকে দরাজ সার্টিফিকেট দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
বৃহস্পতিবার সকালে বড়জোড়া এলাকায় প্রচারে গিয়েছিলেন সৌমিত্র খাঁ। গোদারডিহি গ্রাম পঞ্চায়েতের বহড়াখুল্যা, সংগ্রামপুর সহ অন্যান্য গ্রামগুলিতে নির্বাচনী প্রচার করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একাধিক কথা বলেন। রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ করেন।

বাংলায় শিল্পের দরকার। সেই বার্তাই প্রচারে দেওয়া হচ্ছে। বরজোড়া এলাকায় বা রাজ্যে শিল্প হয়েছিল বাম সরকারের আমলে। এই কথা না বলে অস্বীকার করা যাবে না। গত ১৩ বছরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলায় কোনও শিল্প হয়নি।
রাজ্যে কর্ম সংস্থান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি মারাত্মক অভিযোগ করেন। সৌমিত্র খাঁ বলেন, দেড় কোটি বেকার যুবক যুবতী এই রাজ্যে কাজ পায়নি। ভিন রাজ্যে কাজে যেতে বাধ্য হচ্ছে। 'ভাতা' দিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা তৃণমূল করছে।
সাংসদ জানাচ্ছেন, বরজোড়া এলাকায় শিক্ষিত ভালো ছেলেরা কাজ পায় না। কারণ, এখানে কাজ নেই। বিয়ের পরে ছেলেরা সংসার করতে পারে না। বাবা- মায়েরা মেয়ের জন্য এখানে ছেলে পান না। কারণ, ছেলে কাজের জন্য বাইরে থাকে। পশ্চিমবঙ্গের এখন এমন অবস্থা।
একই সঙ্গে 'শিল্প শহর' বড়জোড়ার যানযট প্রসঙ্গে অভিযোগ করেন সৌমিত্র। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আপত্তি আর রাজ্য সরকারের অনুমোদন না মেলায় এখানে উড়ালপুল তৈরি করা যায়নি। যানজট হলে হবে। কিন্তু উড়ালপুল করা যাবে না। এই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে আগামী পাঁচ বছরে বেলিয়াতোড়-দুর্গাপুর রেলপথ স্থাপন তাঁর অন্যতম মূল লক্ষ্য। এদিন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল সম্পর্কে কিছু বলতে চাননি সৌমিত্র।












Click it and Unblock the Notifications