পরিবারে সদস্য সংখ্যা ১৪০, একশো বছরের জন্মদিনে কেক কাটলেন সুভদ্রা
বাড়িতে হইচই আনন্দ। পায়েস রান্নার গন্ধ ভেসে আসছে। সকাল থেকেই তাঁকে ঘিরে লোকজন। প্রতিবেশীরাও আসছেন তাঁকে দেখতে। হবে নাই বা কেন? আজ যে তাঁর জন্মদিন। বয়সের ভারে শরীর ছোট্ট হয়ে গিয়েছে। বয়স যে তাঁর কম হল না।
জন্মদিনে শতায়ুর কথা অনেকেই শুভেচ্ছায় জানান। আর তাঁর এবার একশো বছর। হ্যাঁ, ঠিকই পড়ছেন। বাঁকুড়ার সিমলাপালের জড়িষ্যা গ্রামের সুভদ্রা মহান্তীর আজ মঙ্গলবার জন্মদিন। এবার তিনি একশো বছরে পড়লেন। আর এই জন্মদিন ধুমধাম করে পালন করলেন ছেলেমেয়ে, বউমা, জামাই, নাতি- নাতনিরা।

বয়স এখনও তাঁর কাছে একটা সংখ্যামাত্র। সুভদ্রা মহান্তী ১৩৩০ বঙ্গাব্দের ৯ পৌষ পরাধীন ভারতে বর্তমান সারেঙ্গার নেতুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তারপর ৯৯ টি শীত পেরিয়ে মঙ্গলবার তিনি পা রাখলেন ১০০ বছরে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মহান্তী পরিবারের তরফে 'রাম রজনী নিবাসে' আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের।
এদিন সকাল থেকে সুভদ্রা দেবীর শততম জন্মদিন পালন ঘিরে সাজো সাজো রব। কেক কাটা, পায়েস খাওয়া সবই করলেন সুভদ্রা দেবী। নাতি নাতনিরা অতি উৎসাহ নিয়েই ঠাকুমার এই জন্মদিন পালন করলেন। অনুষ্ঠানে অংশ নিলেন আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলেই। বাড়িতে বিশাল খাওয়াদাওয়ার আয়োজনও হল।
মাত্র ১১ বছর বয়সে ত্রিলোচন মহান্তীর সঙ্গে বিবাহ হয় সুভদ্রার। একে একে সাত মেয়ে ও তিন ছেলে হয় ওই দম্পতির। সংসার সামলানো, ছেলেমেয়ে মানুষ করতে গিয়ে কোথা দিয়ে যেন সময় পেরিয়ে গেল তাঁর। একসময় স্বামীও চলে গেলেন পরপারে। তিনি সংসার আগলে এখনও আছেন।
বর্তমানে ৩৪ জন নাতি নাতনি সহ তাঁর পরিবারের সদস্য সংখ্যা প্রায় ১৪০ জন। পরিবারের এই প্রবীণতম সদস্যকে ঘিরে উন্মাদনাও কম নেই মোটে। তাঁর পরে তিন পুরুষ এসে গিয়েছে ওই পরিবারে। বড় বউমা নীলিমা মহান্তী বলেন, শাশুড়ি এখনও শারিরীকভাবে সম্পূর্ণ সক্ষম। সংসারের প্রাত্যহিক কাজকর্ম তাঁর নির্দেশেই এখনও পরিচালিত হয়।
পরাধীন ভারত, স্বাধীনতা আন্দোলন, দেশভাগ ও স্বাধীনতা লাভ থেকে ১৯৫১-৫২ সালের প্রথম সাধারণ নির্বাচন। এই রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে ১৯৭৮ সালে প্রথম পঞ্চায়েত নির্বাচনের সাক্ষীও থেকেছেন তিনি। এ রাজ্যে কংগ্রেস, যুক্তফ্রন্ট, বামফ্রন্ট থেকে ২০১১ সালে রাজ্যে পালা বদলে তৃণমূল কংগ্রেস সরকার গঠন। বহু ইতিহাসের সাক্ষী এই প্রবীণ। এখনও হেঁটেচলে বেড়ান তিনি। সক্ষমভাবেই কাজকর্ম করেন।
সুস্থ শরীরে সকলের মধ্যে এমনভাবেই থাকুন সুভদ্রা। এমনই চাইছেন পরিবারের সকলে।












Click it and Unblock the Notifications