উন্নয়ন দেখাতে পারলে ভোট লড়বেন না, সৌমিত্র খাঁকে চ্যালেঞ্জ সুজাতা মণ্ডলের
লোকসভা নির্বাচনে এবার নজরে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই বাঁকুড়ার লালমাটিতে। ইতিমধ্যে দুই প্রার্থী প্রচারে ঝড় তুলেছে। বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ ও তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল দুজনেই যুযুধান দুই পক্ষ। রবিবার ফের সেই আক্রমণাত্মক মেজাজই দেখা গেল।
বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সুজাতা। সাংসদ তহবিল থেকে কত টাকা খরচ করেছেন সৌমিত্র? সেই সত্য হিসেব তুলে ধরবেন কি বিজেপি সাংসদ? তাহলে তিনি ভোটে লড়বেন না। মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। এমনই কড়া চ্যালেঞ্জ দিয়েছেন সুজাতা।

রবিবার সাংবাদিক বৈঠকে সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে ফের একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি৷ সৌমিত্র খাঁ সাংসদ হিসেবে কত টাকা খরচ করেছেন? বিষ্ণুপুরের কতটা উন্নয়ন হয়েছে বিজেপির বিদায়ী সাংসদের মাধ্যমে? শুধু তাই নয়, তৃণমূল জেলা পরিষদ, পঞ্চায়েতের মাধ্যমে কতটা উন্নতি হয়েছে? সেই তাও দেখতে বলেন।
সৌমিত্র খাঁকে চ্যালেঞ্জ করেন সুজাতা। তৃণমূল প্রার্থী বলেন, "এটা যদি প্রমাণ হয়, উনি এমপি তহবিলের টাকা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জন্য খরচ করেছেন, কথা দিচ্ছি আমি নমিনেশন প্রত্যাহার করে দেব।" বিষ্ণুপুরের মানুষদের কাছে তাঁকে এবার জেতানোর জন্য আবেদন করেন। এদিন সোনামুখীতে তৃণমূলের প্রচার সভা ছিল।
এদিকে পালটা বক্তব্য রেখেছেন বিদায়ী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও। তিনি জানিয়েছেন, এত উন্নয়ন হচ্ছে। মানুষ সুবিধা পাচ্ছে। এত রাস্তা হচ্ছে। সেতু হচ্ছে। কিছুই দেখতে পাচ্ছেন না? যাঁদের মাথার ঠিক নেই, তাদের কথার উত্তর দেব না। এমনই কথা বললেন সৌমিত্র।
সৌমিত্র খাঁকে হারানোর জন্য উঠেপড়ে লেগেছেন সুজাতা। সেই বিষয়ে সৌমিত্র বলেন, অপেক্ষা করুক, মানুষ জবাব দেবে।"












Click it and Unblock the Notifications